বোঝা ভেবেই কি শিশু দুটিকে রেখে পালিয়েছে কেউ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু দুটি শারীরিক প্রতিবন্ধী। কথা বলতে পারে না। ঠিকমতো চলাফেরাও করতে পারে না এরা। এরা হয়তো কারও বোঝা হয়ে পড়েছিল, তাই বৃহস্পতিবার সকালে শিশু দুটিকে কেউ ঝিনাইদহের কালীগঞ্জে কথিত নসিমন নামের যানবাহনের ওপর ফেলে রেখে পালিয়েছে।এদিকে যানবাহনের ওপর শিশু দুটি পেয়ে নসিমনের চালক সুকুমার বিশ্বাস এখন বিপাকে পড়েছেন। কারও হাতে তুলে দিতে পারছেন না, আবার ফেলে রেখেও যেতে পারছিলেন না। শেষ পর্যন্ত বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার হেফাজতে দেওয়া হয়েছে শিশু দুটিকে। নসিমনচালক সুকুমার বিশ্বাস জানান, তিনি ঝিনাইদহের কালীগঞ্জ শহর থেকে সদর উপজেলার বাজার-গোপালপুর ভায়া গান্না সড়কে নসিমন চালান। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এক ব্যক্তি বাচ্চা দুটি নিয়ে কালীগঞ্জ শহর থেকে গান্না বাজার যাওয়ার কথা বলে তাঁর নসিমনে ওঠেন। এরপর ওই ব্যক্তি হারিয়ে যান, বাচ্চা দুটি পড়ে থাকে তাঁর নসিমনে। স্থানীয়রা ধারণা করছেন, শিশু দুটিকে পরিবারের লোকজন বোঝা ভেবে এভাবে ফেলে রেখে গেছে। মানবাধিকার সংস্থার সদর উপজেলা কমিটির সভাপতি আমিনুর রহমান জানান, তাঁরা শিশু দুটিকে আপাতত তাঁদের হেফাজতে রাখার ব্যবস্থা করছেন। পরে অভিভাবক খুঁজে তাদের হাতে তুলে দেবেন। আর অভিভাবক না পাওয়া গলে যেকোনো শেল্টার হোমে রেখে আসবেন।