বোঝা হয়নি সুমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার হিজলী সোনাপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সেই সুমি আক্তার (১৩) কথা রেখেছে। এবার জেএসসি পরীক্ষায় সে জিপিএ-৪ দশমিক ২৫ পেয়েছে। দুই কবজি হারানো সুমির এই ফলাফলে খুশি তার মা-বাবা, শিক্ষক ও সহপাঠীরা। সুমি বাগাতিপাড়া উপজেলার কলাবাড়িয়া গ্রামের দিনমজুর ফিরোজ উদ্দিনের মেয়ে।
গত ১৮ নভেম্বর সুমির এগিয়ে চলা নিয়ে প্রথম আলোয় ‘তবু হারেনি সুমি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
পরিবারের সদস্যরা জানান, পাঁচ বছর বয়সে শামুক কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই হাতের কবজি হারায় সুমি। তার দুই বেলার খাবার জোগাড় করাই ছিল বাবা-মায়ের জন্য কষ্টের। সুমির চিকিৎসা আর লেখাপড়ার কথা ভাবতেই পারেননি তাঁরা। কিন্তু দুই বাহুর মাঝে কলম চেপে ধরে বাবা-মায়ের ভাবনার অবসান ঘটিয়েছে সে। সবার বিরোধিতা উপেক্ষা করে পড়ালেখা চালিয়ে এবার জেএসসি পরীক্ষায় অংশ নেয় সুমি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী সরকার বলেন, অস্বাভাবিক মনোবল নিয়ে সুমি পড়ালেখা করেছে। বিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় থেকে সে মুখে লিখত। এভাবেই প্রাথমিক সমাপনী পরীক্ষা দেয়। তবে ষষ্ঠ শ্রেণীতে ওঠার পর থেকে দুই বাহুতে কলম ধরে লেখা শুরু করে। এখন পর্যন্ত কোনো শ্রেণীতেই সে অকৃতকার্য হয়নি। পড়ালেখার পাশাপাশি খেলাধুলাতেও সে ভালো।
ফলাফল ঘোষণার পর সুমি বলে, ‘আমি বাবা-মায়ের ধারণা ভুল প্রমাণ করতে পেরেছি। দুই হাতের কবজি কেটে ফেলায় তাঁরা আমাকে সংসারের বোঝা মনে করেছিলেন। কীভাবে আমার বিয়ে দেবেন সেই চিন্তায় ঘুমাতে পারতেন না। আমি কথা দিয়েছিলাম, লেখাপড়া শিখে সংসারের কষ্ট দূর করব। জেএসসি পরীক্ষার মাধ্যমে এই চেষ্টার দুই ধাপ অতিক্রম করেছি। সবাই দোয়া করবেন, আমি যেন পড়ালেখায় আরও ভালো করতে পারি।’
বাবা ফিরোজ উদ্দিন বলেন, ‘এখন বুঝতে পারছি আমার মেয়ের জীবন সফল হবে।’