নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মানবদেহের জন্য ক্ষতিকর বোটানিক অ্যারোমার বিভিন্ন ধরনের প্রসাধনী অবাধে বিক্রি হচ্ছে। দোকানিরা এ প্রসাধনী বিক্রি করে পাচ্ছেন টেলিভিশন। এ কারণে তাঁরা এ প্রসাধনী বিক্রিতে আরও উৎসাহী হয়ে উঠছেন। এ নিয়ে সচেতন মহল উদ্বিগ্ন হয়ে পড়েছে। তবে এ বিষয়ে নির্দেশনার অভাবে উপজেলা প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না বলে জানিয়েছে। এলাকাবাসী জানায়, উপজেলা সদরসহ গ্রামাঞ্চলের প্রসাধনসামগ্রী বিক্রির প্রায় প্রতিটি দোকানেই বোটানিক হারবাল কেয়ার এবং বোটানিক অ্যারোমার ত্বক ফরসা করার প্রসাধনী বোটানিক অ্যারোমা ফেয়ারনেস স্কিন ক্রিম, স্পট আউট স্কিন ক্রিম, জেন্টস ফেস গোল্ড স্কিন ক্রিম, জেন্টস স্পট আউট স্কিন ক্রিম, ব্রণ আউট স্কিন ক্রিম, ১০০% ফেয়ার লাভ স্কিন ক্রিম, মেছতা আউট স্কিন ক্রিম, স্পট আউট ফেসওয়াশ ও ফেয়ারনেস ফেস ওয়াশসহ বিভিন্ন ধরনের প্রসাধনী অবাধে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতিটি দোকানেই এসব প্রসাধনসামগ্রীর পর্যাপ্ত মজুতও রয়েছে। সচেতনতার অভাবে বিশেষ করে নারী ক্রেতারা তা দেদার কিনছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রী ও নারী ক্রেতা বলেন, সচেতনতার অভাবে অনেকেই বোটানিক অ্যারোমার প্রসাধনী ব্যবহার করছেন। এখন যেহেতু এতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগ উঠেছে, তাই প্রশাসনের উচিত এসব ক্ষতিকর প্রসাধনী বিক্রির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া। কয়েকজন দোকানি বলেন, টেলিভিশনসহ বিভিন্ন ধরনের উপহারসামগ্রীর বিনিময়ে তাঁদের বোটানিক অ্যারোমার প্রসাধনী বিক্রির জন্য উৎসাহিত করা হয়েছে। ইতিমধ্যে কেন্দুয়া বাজারের কয়েকজনকে টেলিভিশনও দেওয়া হয়েছে। বোটানিক অ্যারোমার প্রসাধনীতে পারদসহ বিভিন্ন রকম ক্ষতিকর রাসায়নিক ব্যবহারসংক্রান্ত বিষয়ে তাঁরা কিছুই জানেন না। এখন ক্ষতিকর হওয়ার ব্যাপারে জানতে পারলেন। কাজেই এখন সরবরাহকারীরা এলে তাঁদের কাছ থেকে কোনো প্রসাধনী রাখার বদলে আগের রাখা সামগ্রী ফেরত দেবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ রেজাউল করিম বলেন, বোটানিক অ্যারোমার প্রসাধনী মানবদেহের জন্য ক্ষতিকর—এ-সংক্রান্ত কোনো অভিযোগ বা নির্দেশনা পেলে এসব প্রসাধনী মজুদ ও বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। গত শনিবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত ত্বক ফরসা করার প্রসাধনীতে বিভিন্ন রকম ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগে ঢাকার কেরানীগঞ্জে বোটানিক অ্যারোমা কারখানায় অভিযান চালান। এ সময় আদালত বিপুল পরিমাণ প্রসাধনসামগ্রী জব্দ এবং প্রতিষ্ঠানটির মালিকসহ কয়েকজনকে গ্রেপ্তার ও তাঁদের জরিমানা করেন। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় ‘বোটানিক অ্যারোমা’ পণ্যসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।