বোতলজাত গ্যাসে ঝুঁকি নিয়ে চলে অটোরিকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে বোতলজাত এলপি গ্যাস দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে অটোরিকশা l ছবি: প্রথম আলো
কিশোরগঞ্জে বোতলজাত এলপি গ্যাস দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে অটোরিকশা l ছবি: প্রথম আলো

কিশোরগঞ্জে অনেক সিএনজিচালিত অটোরিকশায় জ্বালানি হিসেবে বোতলজাত তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাস ব্যবহার করা হচ্ছে। এতে উঁচু-নিচু রাস্তায় ঝাঁকির কারণে এসব বোতলের চাবি (রেগুলেটর) ঢিলা বা ছিদ্র হয়ে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) জেলা কার্যালয়ের মোটরযান পরিদর্শক মো. সাইফুল কবীর বলেন, অটোরিকশায় এলপি গ্যাস ব্যবহার বেআইনি। গাড়িতে ব্যবহারের জন্য বিশেষভাবে সিএনজির সিলিন্ডার তৈরি করা হয়। এলপি গ্যাস রেগুলেটরের মাধ্যমে রান্নার কাজে ব্যবহৃত হয়। তা গাড়ির জন্য উপযুক্ত নয়।

মো. শফিকুল ইসলাম, কাজলসহ অন্তত পাঁচজন চালক বলেন, আগে অটোরিকশার পেছনের অংশে ভেতরে সিএনজির সিলিন্ডার বসানো থাকত। ফিলিং স্টেশন থেকে সেখানে প্রাকৃতিক গ্যাস ভরা হয়। কিন্তু কিশোরগঞ্জ শহরে ফিলিং স্টেশন নেই। এ কারণে শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে ভৈরব থেকে গ্যাস ভরে আনতে হয়। সেখানে গ্যাস ভরতে গিয়ে অনেক জায়গায় চাঁদা দেওয়া ছাড়াও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এসব ঝক্কি-ঝামেলা থেকে বাঁচতে বিকল্প ব্যবস্থা হিসেবে বোতলজাত গ্যাস ব্যবহার করা হয়। এতে কোনো সমস্যা হয় না। এখন শহর ছাড়াও গ্রামের আনাচকানাচে সব জায়গায় এসব বোতল পাওয়া যায়। যেখানেই গ্যাস ফুরিয়ে যায়, সেখানেই বোতল পরিবর্তন করা যায়।

গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, অন্তত এক শ অটোরিকশায় বোতলজাত গ্যাস নিয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে। এসব অটোরিকশার ভেতরে যাত্রীর বসার জায়গার পেছনের অংশে বোতলজাত গ্যাস যেনতেনভাবে বেঁধে রাখা হচ্ছে। এখান থেকে রেগুলেটরের মাধ্যমে প্লাস্টিকের পাইপ দিয়ে ইঞ্জিনের সঙ্গে সংযোগ দেওয়া হয়েছে। অনেকে বেশি সময় ব্যবহারের জন্য গ্যাসের দুটি করে বোতল রেখেছেন। কোনো কোনো অটোরিকশার সামনে চালকের আসনের নিচের অংশে বোতল ফেলে রাখা হয়েছে। অনেক চালক ও যাত্রী অটোরিকশার ভেতর সিগারেট ধরিয়েছেন।

মো. মোস্তাফিজুর রহমান ও রুবেল মাহমুদ নামের দুজন যাত্রী বলেন, ‘শহরের বাইরে চাকরি করার কারণে প্রায়ই সিএনজিচালিত অটোরিকশায় চলাচল করতে হয়। কিন্তু রান্নার কাজে ব্যবহৃত এসব বোতলজাত এলপি দিয়ে চালানো অটোরিকশায় উঠলে মনে হয়, বোমার মতো সাক্ষাৎ যম সঙ্গে নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছি। কিন্তু প্রয়োজনের তাগিদে ঝুঁকি হলেও দ্রুতগামী এসব যানে চলাচল করতে হয়। তবে এ বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত।’

এসব বিষয়ে মো. সাইফুল কবীর বলেন, প্রতিদিন কিশোরগঞ্জ শহর থেকে তিন হাজার সিএনজিচালিত অটোরিকশা বিভিন্ন জায়গায় চলাচল করে। যাঁরা গাড়িতে এসব ঝুঁকিপূর্ণ বোতলজাত এলপি গ্যাস ব্যবহার করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।