বোতলজাত পানি উৎপাদন করবে খুলনা ওয়াসা
খুলনা ওয়াসা বোতলজাত মিনারেল পানি বাজারজাত করার উদ্যোগ নিয়েছে। কম মূল্যে মিনারেল পানির সেবা দেওয়া এবং লোকসান কাটিয়ে আয় বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতিমধ্যে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নগরের রায়ের মহল এলাকায় ‘বোতল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ নির্মাণের কাজ শুরু হয়েছে। আগামী বছরের জুনের মধ্যে প্ল্যান্টটি চালু হবে বলে আশা করছে ওয়াসা।
ওয়াসার কর্মকর্তারা জানান, প্রতি মাসে খুলনা ওয়াসার লোকসান ৬৫ লাখ টাকা। নতুন এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রতি মাসে এখান থেকে ২৫-৩০ লাখ টাকা আয় হবে। এখন পর্যন্ত পানির মূল্য নির্ধারণ করা হয়নি। তবে বর্তমান বাজারে বিভিন্ন কোম্পানির বোতলজাত যে পানি বিক্রি হয়, সে তুলনায় খুলনা ওয়াসার পানির দাম কম থাকবে। এ ছাড়া এ পানিতে খনিজ ও প্রাকৃতিক বৈশিষ্ট্য বজায় রাখা হবে।
প্রকল্প সূত্রে জানা যায়, ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হবে এই প্ল্যান্টে। সেখান থেকে প্রতি ঘণ্টায় ৮ হাজার লিটার করে প্রতিদিন ৮ ঘণ্টায় ৬৪ হাজার লিটার পানি উত্পাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বিভিন্ন অপচয়ের পর এর মধ্যে ৬ হাজার ৪৫০ লিটার পানি বোতলজাত করা হবে। ৩০০ মিলি, ৫০০ মিলি, ১ লিটার, ২ লিটার, ৩ লিটার, ৫ লিটার বোতল এবং ২০ লিটার জারে করে পানি বাজারজাত করা হবে। প্রতিদিন মোট ১ লাখ ৪৮ হাজার ৮৮০ বোতল পানি বোতলজাত করা হবে।
সূত্রটি জানায়, ২০১৬ সালে খুলনা ওয়াসা কর্তৃপক্ষ পানি সরবরাহ প্রকল্পের আওতায় বোতল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের উদ্যোগ নেয়। পরে রায়ের মহল এলাকায় প্রায় ২৫ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়। ওই বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) লিমিটেডের সঙ্গে তাদের চুক্তি সই হয়। গত নভেম্বর মাসে প্ল্যান্টটির আনুষ্ঠানিক কাজ শুরু হয়। সরকারি অর্থায়নে এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ৭০ লাখ টাকা। ২০১৮ সালের মে মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে।
খুলনা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন আহমেদ পবলেন, ‘এই অঞ্চলে বোতলজাত পানির কোনো প্ল্যান্ট নেই। যেকোনো দুর্যোগে আমরা সহজেই বোতলজাত পানি সরবরাহ করতে পারব। এ ছাড়া প্রতি মাসে ওয়াসা ২৫ থেকে ৩০ লাখ টাকা আয় করতে পারবে।’