বোতাম টিপে মহড়া ভোট
বুথ ও বুথের বাইরে ভোটারদের লাইন। বুথে থাকা কর্মকর্তা ও পোলিং কর্মকর্তারা পরিচয় নিশ্চিত হওয়ার পর ভোটার গেলেন কালো কাপড় দিয়ে আড়াল করা গোপন স্থানে। সেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে তিন সারিতে তিন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ও তাঁদের প্রতীক। প্রত্যেক প্রার্থী ও তাঁর প্রতীকের পাশে একটি করে লাল বোতাম। তিন পদে পছন্দের তিন প্রার্থীর পাশে থাকা লাল বোতামে চাপ দিতেই সঙ্গের সবুজ বাতি জ্বলে ওঠে। শেষ হলো ভোট দেওয়া। ভোটার বেরিয়ে এলেন কালো কাপড়ের আড়াল থেকে।এভাবেই গতকাল শুক্রবার প্রথমবারের মতো ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট দিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ২১ নম্বর জামালখান ওয়ার্ডের কয়েক শ ভোটার। তবে এটি আসল ভোট গ্রহণ নয়, ভোট গ্রহণের মহড়া। ১৭ জুন সিটি করপোরেশনের নির্বাচনের দিন আসল ভোট গ্রহণ করা হবে। দেশে এ ধরনের নির্বাচনে প্রথমবারের মতো এই পদ্ধতিতে ভোট গ্রহণের বিভিন্ন বিষয় বুঝিয়ে দিতে গতকাল মহড়া হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত জামালখান ওয়ার্ডের আটটি ভোটকেন্দ্রেই হয়েছে এই মহড়া। এতে অংশ নিয়েছেন সাধারণ ভোটাররাই। আজ শনিবারও মহড়া হবে।এই ওয়ার্ডের ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়, ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি খুব বেশি নয়। বুথের ভেতরে-বাইরের লাইনে কয়েকজন দাঁড়ানো। পুরুষের পাশাপাশি নারীরাও আছেন। তাঁরা বেশ উত্সাহ নিয়েই বোতাম টিপে ভোট দেন। সেখানে থাকা বিশেষজ্ঞ কীভাবে ভোট দিতে হবে তা বুঝিয়ে দেন। প্রতিটি কেন্দ্রে সারা দিনে শ-খানেক করে ভোটার উপস্থিত ছিলেন বলে জানা গেছে।নির্বাচন কমিশনের সচিব মুহম্মদ হুমায়ুন কবীর ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী এই পদ্ধতিতে ভোট গ্রহণ দেখেন। এ সময় হুমায়ুন কবীর বলেন, ‘ভারতে পুরোদমে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গ্রহণ চালু করতে ৩০ বছর লেগেছে। আমরা চট্টগ্রামে সেটা স্বল্প পরিসরে শুরু করতে যাচ্ছি। এর নানা দিক বিশ্লেষণ করে ক্রমান্বয়ে পরিধি বাড়ানো হবে।’ কেন্দ্রে স্বল্প ভোটার উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রয়োজনে আমরা ১৬ তারিখ আবার মহড়া ভোট গ্রহণ করা যায় কি না, ভেবে দেখব।’সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, আজ মহড়ায় ভোটার উপস্থিতি বাড়বে। গতকাল ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ে মহড়া ভোট দিতে সস্ত্রীক এসেছিলেন সাগর চৌধুরী। তিনি বলেন, ‘নতুন এই পদ্ধতিতে ভোট দিয়ে বেশ ভালোই লাগছে। তবে এ নিয়ে প্রচারণা আরেকটু বেশি হলে ভালো হতো। পদ্ধতিটি ভালো। এতে ফলাফলও অনেক তাড়াতাড়ি পাওয়া যাবে।’