
পঞ্চগড়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনাল খেলা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড়ের মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এই খেলা হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে দেবীগঞ্জ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপে বোদা উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।
১৭ ডিসেম্বর শুরু হওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে (বালক) ও বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপে (বালিকা) পাঁচটি করে উপজেলা অংশ নেয়। বালিকাদের খেলায় বোদা উপজেলার ভাসাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে সদর উপজেলার মিঠাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালকদের খেলায় দেবীগঞ্জের দামানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তেঁতুলিয়ার সিপাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।