বোদা পৌরসভার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ
পঞ্চগড়ের বোদা পৌরসভার পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও অবিলম্বে নির্বাচনের দাবিতে পৌরবাসীর ব্যানারে গতকাল রোববার দুপুরে পঞ্চগড় শহরে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী পার্শ্ববর্তী আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের সাতখামার ও কুড়লিয়া মৌজাকে নিয়ে ২০০১ সালের ১৪ মে বোদা পৌরসভার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সীমানা নির্ধারণসংক্রান্ত জটিলতা ও মামলার কারণে পৌরসভার নির্বাচন হয়নি। একই কারণে বলরামপুর ইউনিয়ন পরিষদেরও নির্বাচন হয়নি। পৌরসভার বাসিন্দারা বোদা থেকে বাস, ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলযোগে গতকাল পঞ্চগড় সরকারি মিলনায়তনে জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বোদা পৌরবাসীর ব্যানারে সহস্রাধিক নারী-পুরুষ এই বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে অংশ নেন। এর আগে গত ১২ সেপ্টেম্বর জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের সাতখামার ও কুড়লিয়া মৌজাকে বোদা পৌরসভায় অন্তর্ভুক্ত না করার দাবিতে জেলা শহরে এসে বিক্ষোভ সমাবেশ করেন ওই দুই মৌজার লোকজন।