বোদা-মাড়েয়া সড়কের ২০ কিমি চলার অযোগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা-মাড়েয়া আঞ্চলিক সড়কের দশা এটি। ছবিটি খারিজা মাড়েয়া এলাকা থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো
পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা-মাড়েয়া আঞ্চলিক সড়কের দশা এটি। ছবিটি খারিজা মাড়েয়া এলাকা থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো

পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা-মাড়েয়া আঞ্চলিক সড়কের ২০ কিলোমিটার সড়ক মরণফাঁদে পরিণত হয়েছে। জায়গায় জায়গায় খানাখন্দ তৈরি হয়ে সড়কটি বেহাল হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে উপজেলার চারটি ইউনিয়নের মানুষ অত্যন্ত দুর্ভোগের শিকার হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের অধিকাংশ স্থানের পিচ ও খোয়া উঠে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। যানবাহন চলছে ঝুঁকি নিয়ে, হেলেদুলে। বোদা বাজারের পরই মাঝগ্রাম থেকে আলিমবাজার মোড় পর্যন্ত সড়কটির দুপাশে দেবে গেছে। পিচ ও খোয়া উঠে বেরিয়ে গেছে মাটি। নয়াদীঘি ও মিলগেট নামক স্থানে রাস্তার অবস্থা আরও বেহাল। এখানে তৈরি হওয়া খানাখন্দগুলোতে সামান্য বৃষ্টি হলেই পানি জমে রাস্তা আরও ঝুঁকিপূর্ণ হয়ে যায়।
স্থানীয় লোকজন জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য বালুবোঝাই ট্রাক, বাস, অটোরিকশা, কাভার্ড ভ্যানসহ নানা যানবাহন চলাচল করে। মাড়েয়া ইউনিয়নসহ বড়শশী, কালিয়াগঞ্জ ও সাকোয়া ইউনিয়নের উপজেলা সদরে যোগাযোগের একমাত্র উপায় এ রাস্তাটি।
মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনছার রেজাউল করিম বলেন, ‘আমি ব্যক্তিগত উদ্যোগে দুই কিলোমিটার অংশের বড় গর্তগুলো খোয়া দিয়ে ভরাট করেছি। এতে ওই অংশে দুর্ভোগ কিছুটা কমেছে।’
এলজিইডির উপজেলা প্রকৌশলী আবদুল মালেক বলেন, মেরামত ও সংস্কারকাজে বরাদ্দ কম। তাই গ্রামীণ পাকা সড়কগুলো মেরামত ও সংস্কার করা সম্ভব হচ্ছে না। তবে এ সড়কটি সংস্কার ও মেরামতকাজের জন্য অতিরিক্ত বরাদ্দ চেয়ে প্রধান প্রকৌশল অধিদপ্তরে ফাইল পাঠানো হয়েছে।