বোদায় ছাত্রদলের দুই পক্ষের পৃথক কমিটি
পঞ্চগড়ের বোদা উপজেলা ছাত্রদলের বিবদমান দুই পক্ষের আলাদা আলাদা সম্মেলনে পৃথক কমিটি গঠন করা হয়েছে। তবে দুটি কমিটিই অছাত্রদের দিয়ে করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুই কমিটির নেতারা নিজেদের কমিটিকে বৈধ দাবি করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, বোদা উপজেলায় বিএনপি দুটি পক্ষে বিভক্ত হওয়ায় ছাত্রদলেও এর প্রভাব পড়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সহসভাপতি মো. আবদুল আজিজ ও সদস্য ফরহাদ হোসেনের আশীর্বাদপুষ্ট উপজেলা ছাত্রদলের একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন। অপর পক্ষে সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি মো. মোজাহার হোসেনের আশীর্বাদপুষ্ট অংশের নেতৃত্বে রয়েছেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন।গত ১৭ সেপ্টেম্বর উপজেলার সাকোয়া বাজারে একটি অংশের সম্মেলনে সভাপতি হিসেবে কাওছার হানিফা, সাধারণ সম্পাদক হিসেবে মো. নুরুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহরিয়ার রহমান নির্বাচিত হন। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বোদা পৌর ছাত্রদলের সম্মেলনও হয়। এতে বজিরুল ইসলাম সভাপতি ও রাশেদুজ্জামান রাশেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অভিযোগ উঠেছে, উপজেলা কমিটির সভাপতি কাওছার হানিফাকে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে জেলা ছাত্রদল বহিষ্কার করেছিল। তিনি অছাত্র ও বিবাহিত।তবে কাওছার হানিফা দাবি করেন, তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। তাঁর কমিটির সবার ছাত্রত্ব আছে। তিনি তাঁর নেতৃত্বাধীন কমিটিকে বৈধ বলে দাবি করেন। সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন অপর অংশের কমিটি সম্পর্কে বলেন, তাঁরা সংস্কারপন্থী, তাঁরা ছাত্রদলের কেউ নন। ১৮ সেপ্টেম্বর উপজেলা মিলনায়তনে ছাত্রদলের অপর অংশের সম্মেলনে উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে কুদরত-ই-এলাহী ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মিজানুর রহমানকে মনোনীত করা হয়। কমিটি ঘোষণার পরপরই এর বিরুদ্ধে সাধারণ কর্মীরা বিক্ষোভ করলে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সম্মেলনস্থল ত্যাগ করেন। অভিযোগ উঠেছে, সভাপতি মো. দেলোয়ার হোসেনের বয়স ৪২ বছর এবং তিনি এক সন্তানের জনক। বর্তমানে তিনি সংসার ও পরিবার নিয়ে ব্যস্ত। সাধারণ সম্পাদক কুদরত-ই-এলাহীও বিবাহিত এবং এক সন্তানের জনক। পৌর ছাত্রদলের কমিটিতে সভাপতি হয়েছেন মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক জসিম আল-মেহেদি। সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই বিবাহিত এবং সন্তানের জনক।অভিযোগের বিষয়ে মো. দেলোয়ার হোসেন বলেন, তিনি ছাত্র এবং যাঁরা নেতৃত্বে এসেছেন তাঁদের সবার ছাত্রত্ব আছে। তিনি বলেন, ‘কে সংস্কারপন্থী, আর কে মূল দলের তা এত দিনেই বোঝা গেছে। কাজেই কে কী বলল, তা দেখার কিছু নেই।’ছাত্রদলে বিভক্তি সম্পর্কে পৌর বিএনপির সভাপতি আবদুস সামাদ বলেন, মূলত কেন্দ্রীয় ছাত্রদলের এক সাবেক নেতার ইন্ধনে ছাত্রদলের এই কোন্দল ও বিভক্তি।