বোদায় হরতালে সংঘর্ষে আহত শিবির কর্মীর মৃত্যু
দেশব্যাপী ছাত্রশিবিরের ডাকা গত বৃহস্পতিবারের হরতাল চলাকালে পঞ্চগড়ের বোদায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত শিবিরের কর্মী আবু তালেবের (২৮) মৃত্যু হয়েছে।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সন্ধ্যায় তিনি মারা যান। তাঁর বাড়ি উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী সরকারপাড়া গ্রামে। তিনি গ্রামের সাদেক আলীর পুত্র। তালেবের পরিবার ও পুলিশ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।তালেবের ভাই মমিনুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে নেওয়ার আগে তালেব মারা যান। গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) হরতালে বড়শশী ইউনিয়নের তেঁতলির মোড় এলাকায় জামায়াত-শিবির ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ছয়জন আহত হন। গুরুতর আহত আবু তালেব ও আবদুল হাকিম নামের অপর একজনকে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এদিকে ওই দিন তেঁতলির মোড় এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দ্রুত বিচার আইনে এবং সোহেল রানা নামের এক ব্যক্তিকে অপহরণের অভিযোগে ছাত্রশিবিরের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে বোদা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।থানার উপপরিদর্শক (এসআই) হারেছ বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি দেখিয়ে দ্রুত বিচার আইনে ওই মামলা করেন।