বোধনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশে সাদা মেঘের ভেলা, ভোরে শিউলি ফুলের গন্ধ। পূজার ঢাকে পড়ল কাঠি। দিকে দিকে এখন দেবীর বন্দনা। দেবী দুর্গার আগমনে চারদিকে আনন্দ আয়োজন। মণ্ডপে মণ্ডপে এখন আনন্দময়ীর আগমনী স্তুতি। দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে এখন আনন্দের ঝরনাধারা বইছে। পূজামণ্ডপ থেকে শুরু করে বিপণিবিতান—সবখানেই এখন পূজার আমেজ।
পঞ্চপ্রদীপের শিখায় বোধন হলো দুর্গতিনাশিনী দেবী দুর্গার। গতকাল সোমবার সায়ংকালে চণ্ডীপাঠ আর ঢাক-ঢোল-কাঁসার শব্দে মুখরিত হলো চারপাশ। গতকাল বোধন হলেও পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে আজ মঙ্গলবার। সকাল সোয়া সাতটায় দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ হবে, যা সকাল নয়টা ৫৮ মিনিটের মধ্যে শেষ হবে। একই সঙ্গে হবে ষষ্ঠীপূজা। সন্ধ্যায় হবে অধিবাস। সেখানে নিদ্রিত দেবী দুর্গার নিদ্রাভঙ্গের জন্য করা হবে বন্দনাপূজা।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেছেন, ‘সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুর শক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। ধর্মীয় উৎসবের পাশাপাশি দুর্গাপূজা দেশের জনগণের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বলে আমি মনে করি।’
প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেছেন, অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশ ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের অধিকার সুনিশ্চিত করা হয়েছে।’
এ ছাড়া বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়সহ ধর্ম-বর্ণনির্বিশেষে দেশের সব নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে, রাজধানী ঢাকাসহ সারা দেশের প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, র্যা বসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুলিশ ও র্যা বের পাশাপাশি প্রায় প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করবে। ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।
রাজধানীতে কেন্দ্রীয় পূজা উৎসব হিসেবে পরিচিত ঢাকেশ্বরী জাতীয় মন্দির মণ্ডপে পূজার পাশাপাশি ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, বস্ত্র বিতরণ, মহাপ্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতা, স্বেচ্ছা রক্তদান ও বিজয়া শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া রামকৃষ্ণ মিশন ও মঠ পূজামণ্ডপ, রমনা কালীমন্দির ও আনন্দময়ী আশ্রম, বরোদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান, সিদ্ধেশ্বরী কালীমাতা, ভোলানাথ মন্দির আশ্রম, জগন্নাথ হল, ঋষিপাড়া গৌতম মন্দির, গুলশান-বনানী সর্বজনীন পূজা পরিষদ মণ্ডপ, বাসাবো বালুর মাঠ, শাঁখারীবাজারের পানিটোলা মন্দিরসহ অন্যান্য মণ্ডপে দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
পূজার সময়সূচি
আজ মঙ্গলবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হওয়া দুর্গাপূজার মহাসপ্তমী আগামীকাল বুধবার, ১ অক্টোবর। ২ অক্টোবর মহাষ্টমী বিহিত পূজা ও সন্ধিপূজা। একই দিন সকাল সাড়ে ১০টায় দেশের সব রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হবে কুমারীপূজা। ৩ অক্টোবর, একই দিনে পালিত হবে মহানবমী ও বিজয়া দশমী।