বোধোদয়ের জন্য 'ঔষধিস্নান'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাদের প্রতীকী মুখচ্ছবি। দুর্নীতিগ্রস্ত হওয়ার বিষয়টি জ্বরা ও ব্যাধি বলে অভিহিত করা হয়। জ্বরা-ব্যাধি মুক্ত করতে চলে আয়োজন। মুখচ্ছবির ওপর পানি ঢেলে গোসল করানো হয়। এ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘ঔষধিস্নান’। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বিকেল চারটায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ব্যতিক্রমী এ কর্মসূচি পালন করে সিলেটের পরিবেশবাদী সংগঠন ‘ভূমিসন্তান বাংলাদেশ’।
ঔষধিস্নান কর্মসূচির আয়োজন সম্পর্কে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সিলেটের জলার বন রাতারগুল, বিভিন্ন পাহাড়-টিলা, জাতীয় উদ্যান ঘোষিত বিভিন্ন বনাঞ্চলের পরিবেশ রক্ষার ব্যাপারে বন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা নির্বিকার। এর প্রধান কারণ হচ্ছে দুর্নীতি। এ দুই দপ্তরের ওপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতি রীতিমতো জ্বরা ও ব্যাধির মতো হয়ে থাকায় ভূমিসন্তান বাংলাদেশ ‘ঔষধিস্নান’ করে বোধোদয়ের জন্য।
ঔষধিস্নান চলাকালে সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য উপস্থাপন করা হয়। এতে বলা হয়, ‘বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয় প্রতিনিয়তই মানবসভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আর এই ধ্বংসের জন্য কেবল সাধারণ মানুষের অজ্ঞতা নয়, বড় পরিসরে দায়ী সরকার ও পরিবেশ-সংক্রান্ত সরকারি কর্তাব্যক্তিদের উদাসীনতা ও অজ্ঞতা। ভূমিসন্তান বাংলাদেশ বিশ্বাস করে পরিবেশ রক্ষার আন্দোলন একটি অহিংস আন্দোলন। এ অহিংস আন্দোলনের ধাপ হিসেবে বিশ্ব পরিবেশ দিবসে সরকারি কর্তাব্যক্তিদের বোধোদয়ের প্রত্যাশায় বন ও পরিবেশের দায়িত্বপ্রাপ্ত কর্তাব্যক্তির প্রতিকৃতিতে ঔষধি বৃক্ষের পাতাসিদ্ধ পানি দিয়ে প্রতীকী গোসল করানো হলো।’
ঔষধিস্নান শেষে শহীদ মিনার চত্বরে চলে আলোচনা সভা। পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল কবীরের সঞ্চালনায় আলোচনা সভায় সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠন অঙ্গীকার বাংলাদেশের পরিচালকমণ্ডলীর সদস্য মইনুদ্দিন আহমদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিমসহ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠনের সদস্যরা বক্তব্য দেন।
সেমিনার: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল বিকেলে সিলেটের নজরুল একাডেমি মিলনায়তনে দ্য ক্লাইমেট রিয়েল প্রজেক্ট বাংলাদেশ ও সেন্টার ফর সিটিজেন রাইটস অ্যান্ড স্টাডিজের (সিসিআরএস) যৌথ উদ্যোগে ‘জলবায়ু পরিবর্তন ও ভূমিকম্পের ভয়াবহতা’ শীর্ষক সেমিনার হয়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ও সিসিআরএসের প্রধান উপদেষ্টা ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে সিলেটের পুলিশ কমিশনার মো. কামরুল আাহসান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম ও দৈনিক সিলেটের ডাক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ বক্তব্য দেন। ক্লাইমেট লিডার জহুরুল হক সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন।