বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই ভাইকে মারধর
নারায়ণগঞ্জে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক স্কুলছাত্রীর দুই ভাইকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। গতকাল বৃহস্পতিবার নগরের দেওভোগ মর্গ্যান গার্লস স্কুলের সামনে এ ঘটনা ঘটে।বখাটেদের হামলায় আহত দুই ভাই নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।আহত দুই ভাইয়ের একজন জানান, তাঁর বোন মর্গ্যান গার্লস স্কুলের ছাত্রী। স্কুলে যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত করত দেওভোগ এলাকার বখাটে বিকি, অসীম, আচল ও সোহেল ওরফে লাল মিয়া। তাঁর বোন বিষয়টি তাঁকে জানালে গতকাল দুপুরে স্কুল ছুটি শেষে তিনি বোনকে আনতে যান। এ সময় বখাটেরা তাঁর বোনকে আবারও উত্ত্যক্ত করে। এ সময় তিনি এর প্রতিবাদ করলে বখাটেরা তাঁকে মর্গ্যান স্কুলসংলগ্ন চারুকলা ইনস্টিটিউটের মাঠে নিয়ে মারধর করে। এ খবর পেয়ে তাঁর ভাই লিংকন তাঁকে বাঁচাতে গেলে বখাটেরা তাঁকেও মারধর করে। এ সময় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আয়েশা জানান, এ ঘটনায় ওই ছাত্রীর ভাই বখাটেদের বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন।