বোনকে গুলিবিদ্ধ দেখার ধাক্কা সইতে পারলেন না যুবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলাচলের পথ নিয়ে বিরোধ দুই বাড়ির মধ্যে। দুই বাড়ির এই বিরোধে প্রাণ হারাতে বসেছিলেন পারভিন আক্তার (২২)। গতকাল রোববার প্রতিপক্ষের গুলিতে তিনি মারাত্মক আহত হন। তবে তাঁকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়তে দেখে মারা গেছেন মামাতো ভাই বাদশা মিয়া (৩০)। গতকাল রোববার সকালে নগরের বাকলিয়া কেবি আমান আলী রোডের পুরাতন চারতলা এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ঘটনাস্থল থেকে নুরুল ইসলাম (৭০) ও তাঁর ছেলে রেজাউল করিম (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করেছে। নুরুল ইসলামের কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। তবে তিনি এটি লাইসেন্স করা বন্দুক বলে দাবি করেন। পারিবারিক সূত্র জানায়, পারভিন মামার বাড়িতে থাকতেন। আগামী ২৪ মার্চ তাঁর বিয়ের দিনক্ষণ ঠিক করা আছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানায়, স্থানীয় নুরুল হকের বাড়ির পেছনে নুরুল ইসলামের একটি রিকশার গ্যারেজ আছে। সেখানে রিকশা চলাচলের কারণে নুরুল হকদের নানা সমস্যা হয়। এ নিয়ে নুরুল ইসলামের সঙ্গে বিভিন্ন সময় নুরুল হকের কথাকাটাকাটি হয়। গতকাল সকালে নুরুল হক তাঁর বাড়ির সীমানা দিয়ে রিকশার গ্যারেজে যাওয়ার পথটি বন্ধ করে দেন। স্থানীয় লোকজনের মধ্যস্থতায় পরে তিনি ওই বেড়া তুলেও নেন। কিন্তু এ নিয়ে দুই বাড়িতে চাপা ক্ষোভ চলছে।স্থানীয় একাধিক ব্যক্তি জানান, পরে নুরুল ইসলাম বন্দুক নিয়ে চিত্কার করতে করতে তেড়ে আসেন এবং নুরুল হকের বাড়ি লক্ষ্য করে গুলি চালান। তাঁর একটি গুলি গিয়ে নুরুল হকের ভাগনি পারভিনের দেহে বিদ্ধ হয়।পারভিনের চিত্কার শুনে মামাতো ভাই বাদশা মিয়া এগিয়ে এসে দেখেন, রক্তাক্ত পারভিন মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করছে। এ অবস্থা দেখে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিত্সকেরা বাদশাকে মৃত ঘোষণা করেন।