বোনকে নির্যাতনের প্রতিবাদ করায় ভাইকে হত্যা
যৌতুকের টাকার জন্য বোনকে নির্যাতনের প্রতিবাদ করায় শ্যালককে পিটিয়ে হত্যা করেছেন দুলাভাই—এমন অভিযোগ পাওয়া গেছে। গত রোববার সকালে রংপুরের পীরগাছা উপজেলার বড়দরগাহ বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কল্যাণী ইউনিয়নের ফকিরা গ্রামের কাফির উদ্দিনের মেয়ে নাজমা বেগমের (৩৩) সঙ্গে ছোট কল্যাণী গ্রামের নছের উদ্দিনের ছেলে আবদুল বাতেনের ১৬ বছর আগে বিয়ে হয়।গত শনিবার দুপুরে যৌতুকের জন্য বাতেন নাজমাকে মারধর করেন। পরের দিন নাজমার ভাই তোজামেঞ্চল হোসেন এর প্রতিবাদ করলে বাতেন ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তাঁকে বেধড়ক পেটান। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১০টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহত ব্যক্তির মামা নুরুজ্জামান বাদী হয়ে বাতেনসহ তিনজনকে আসামি করে রোববার রাতে পীরগাছা থানায় হত্যা মামলা করেন।পীরগাছা থানার ওসি জাহিদুর রহমান চৌধুরী জানান, আসামি আবদুল বাতেনকে গতকাল সকালে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।