বোনকে বাঁচাতে গিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌকায় চড়ে বোনের সঙ্গে বেড়াতে যাচ্ছিল ১২ বছরের সিহাব মিয়া। পথে নৌকা থেকে পানিতে পড়ে যান বোন। আর সেই বোনকে উদ্ধার করতে পানিতে লাফিয়ে পড়ে সিহাব। বোনের জীবন রক্ষা পেলেও সে আর ফিরে আসেনি। পানিতে ডুবে করুণ মৃত্যু হয়েছে তাঁর। আজ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের খালাজুড়া বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, সিহাব পরিবারের সঙ্গে পৌর শহরের নারায়ণপুর গ্রামে থাকত। বাবা মিন্টু মিয়া আগে রিকশা চালাতেন। বর্তমানে কিছুই করেন না। অভাবের কারণে সিহাব দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়লেও লেখাপড়া আর এগোয়নি। বড় বোন বিউটি আক্তার (২৮) পাশের খালাজুরা বিল এলাকায় শ্বশুরবাড়িতে থাকেন। সম্প্রতি বিউটি নারায়ণপুরে বাবার বাড়িতে বেড়াতে আসেন। আজ সোমবার তিনি ডিঙি নৌকায় চড়ে শ্বশুরবাড়ি ফিরছিলেন। সঙ্গে যাচ্ছিল সিহাব। ডিঙি নৌকাটি সিহাবদের। তাই নৌকা চালাচ্ছিল সিহাব। কিছু দূর যাওয়ার পর নৌকা থেকে পানিতে পড়ে যান বিউটি। আর তাঁকে উদ্ধার করতে বিলের পানিতে ঝাঁপিয়ে পড়ে সিহাব। কিন্তু বড় বোন তীরে আসতে পারলেও সিহাব তলিয়ে যায়। বিউটির চিৎকারে আশপাশের লোকজন বিলের পানিতে নেমে সিহাবকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ নারায়ণপুরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
আজ বেলা আড়াইটার দিকে বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে চলছে মাতম। বোন বিউটি বেগম অচেতন।
মৃত সিহাবের স্বজন ইয়াকুব মিয়া প্রথম আলোকে বলেন, সিহাব বোনকে বাঁচানোর জন্য নদীতে লাফ দিল; বোনের জন্য জীবন দিল সে। তিনি জানান, এ ঘটনার কথা বলতে গিয়ে অচেতন হয়ে পড়েন বোন বিউটি।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘খবর শুনেছি। গ্রামের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।’