বোনকে বাঁচাতে চেয়ে বাঁচল না কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে তাসফিয়া সুলতানা (৩) ও শাহরিয়ার ইমন (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাইবোন। 

আজ রোববার দুপুর ১২টার দিকে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার ওই এলাকার বাদশা মিয়ার ছেলে। তাসফিয়া শহিদুর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে তাসফিয়া ও শাহরিয়ার পুকুরপাড়ে একসঙ্গে খেলছিল। হঠাৎ পা পিছলে পুকুরে পড়ে ডুবে যায় তাসফিয়া। এ সময় তাকে বাঁচাতে পুকুরে লাফ দিলে ছোট্ট শাহরিয়ারও ডুবে যায়। পরে পুকুর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।

টৈটং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, তাসফিয়া মায়ের সঙ্গে গতকাল শনিবার মামার বাড়িতে বেড়াতে আসে। আজ মামাতো ভাই শাহরিয়ারের সঙ্গে দুপুরে সে খেলছিল। সে সময় ওই মর্মান্তিক ঘটনা ঘটে।

পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, দুই শিশুর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।