বোনকে বিয়ে দেওয়ায় হাতুড়িপেটা
দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার কারণে এক স্কুলছাত্রীকে অন্যত্র বিয়ে দেওয়ায় ক্ষুব্ধ বখাটে সাজ্জাদ শেখ মেয়ের ভাই ইমরান খানকে (১৫) হাতুড়িপেটা করেছে। নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘলিয়া বাজারের বটতলায় গত রোববার এ ঘটনা ঘটে।আহত ইমরানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে দীঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। মেয়েটি তার খালাতো বোন এবং এই বিদ্যালয় থেকে এ বছর সে জেএসসি পরীক্ষা দিয়েছে। আর তালবাড়িয়া গ্রামের লিটন শেখের ছেলে বখাটে সাজ্জাদ শেখ এই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।মেয়ের পারিবারিক সূত্রে জানা গেছে, মেয়েটি যখন সপ্তম শ্রেণীতে পড়ে, তখন থেকে সাজ্জাদ শেখ তাকে উত্ত্যক্ত করতে থাকে। বখাটেরা যাতে তার বোনকে উত্ত্যক্ত করতে না পারে, সেদিকে খেয়াল রাখত ইমরান। তাই তার ওপর ক্ষুব্ধ হয় বখাটে সাজ্জাদ শেখ। বখাটের ভয়ে গত বৃহস্পতিবার মেয়েটিকে অন্যত্র বিয়ে দেওয়া হয়। এতে ওই বখাটে আরও ক্ষুব্ধ হয়ে ইমরানকে হাতুড়িপেটা করে। ২০০৭ সালে মা মারা যাওয়ার পর ইমরান সারোল গ্রামে খালাবাড়ি থেকে লেখাপড়া করছে।মেয়ের বাবা জানান, বখাটের ভয়ে গত দুই বছর মেয়েটি ঠিকমতো স্কুলে যেতে ও পরীক্ষা দিতে পারেনি। ওই বখাটের ভয়েই মেয়েকে অল্প বয়সে বিয়ে দেওয়া হয়েছে। দীঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান মঞ্জুর এলাহী বলেন, ‘ছেলেটি গুরুতর অপরাধ করেছে। স্কুল থেকে কী আর করার আছে। সামাজিক ব্যবস্থা নিলে ভালো হয়।’দীঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান ইমতিয়াজ আহমেদ বলেন, ‘দুই পক্ষই আমার লোক। আমি এর একটা সমাধান করে দেব।’লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রকিব খান বলেন, ‘এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। তবে বিষয়টি খতিয়ে দেখব।’