বোনকে লুকিয়ে রেখে লাশ গুমের মামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোনকে হত্যা করে লাশ গুম করার অভিযোগে ভগ্নিপতিসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে সাড়ে তিন মাস আগে মামলার আবেদন করেছিলেন এক ব্যক্তি। ওই মামলার তদন্ত কর্মকর্তা এ অভিযোগ মিথ্যা বলে গত মাসে আদালতে প্রতিবেদন জমা দেন। একই সঙ্গে পুলিশ ওই ব্যক্তির বোনকে গত সোমবার তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। জামালপুরের সরিষাবাড়ীতে এ ঘটনা ঘটেছে। সরিষাবাড়ী থানা সূত্রে জানা গেছে, উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামের মৃত দারগ আলীর ছেলে শহীদুল্লাহ তাঁর বোন আকলিমা বেগমকে একই উপজেলার চুনিয়াপটল গ্রামের বাসিন্দা শ্বশুর ফুল মাহমুদ আকন্দের বাড়ি থেকে কৌশলে গত ফেব্রুয়ারি মাসে নিজ বাড়িতে নিয়ে আসেন এবং লুকিয়ে রাখেন। শহীদুল্লাহ তাঁর বোন আকলিমা বেগমকে খুন করে তাঁর লাশ গুম করার অভিযোগে ১৬ মার্চ সরিষাবাড়ী জেলা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার আবেদন করেন। এ মামলায় আকলিমার স্বামী মজিবর রহমান, শ্বশুর ফুল মাহমুদসহ ছয়জনকে আসামি করা হয়। সরিষাবাড়ী থানা সূত্রে আরও জানা গেছে, আদালতের নির্দেশ পেয়ে সরিষাবাড়ী থানার পুলিশ আবেদনটি মামলা হিসেবে গ্রহণ করে। তবে ওই মামলার তদন্ত কর্মকর্তা বদিউল আলম তদন্ত করে জানতে পারেন, আকলিমা বেগমকে হত্যা করে তাঁর লাশ গুম করার অভিযোগটি মিথ্যা। তিনি এ ব্যাপারে ১৫ জুন জেলা জজ আদালতে মামলাটি মিথ্যা বলে প্রতিবেদন জমা দেন। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আকলিমা সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় মনজুর রহমান নামের তাঁর এক আত্মীয়ের বাড়িতে আছেন। সোমবার পুলিশ আকলিমাকে মনজুর রহমানের বাড়ি থেকে জীবিত উদ্ধার করে। মঙ্গলবার পুলিশ তাঁকে জেলা জজ আদালতে সোপর্দ করে। আকলিমার বড় ভাই শহীদুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। মামলার আসামি আকলিমার শ্বশুর ফুল মাহমুদ আকন্দ বলেন, ‘আমরা ছয়জন গত এপ্রিল মাসে হাইকোর্ট থেকে জামিন নিয়ে বেরিয়ে এসেছি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছিল।’সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন সরকার জানান, লুকিয়ে রাখা আকলিমা বেগমকে উদ্ধার করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।