বোনকে হত্যার দায় স্বীকার করে ভাইয়ের জবানবন্দি
কিশোরগঞ্জের বাজিতপুরে বন্যা আক্তার (২৬) নামের এক নারীকে হত্যার দায় স্বীকার করে তাঁর ভাই সজল মিয়া (৪০) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত শনিবার কিশোরগঞ্জের মুখ্য বিচারিক হাকিম হামিদুল ইসলাম এই জবানবন্দি রেকর্ড করেন।
নিহত বন্যা ও অভিযুক্ত সজল আপন ভাইবোন। তাঁরা বাজিতপুর পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের রাবারকান্দি মহল্লার বাসিন্দা। গত ২৩ জুলাই সকালে বাড়ির সামনের কবরস্থানের কাছ থেকে বন্যার বস্তাবন্দী লাশ উদ্ধার হয়।
সহকারী পুলিশ সুপার মৃত্যুঞ্জয় দে বলেন, তদন্তের একপর্যায়ে মনে হয়েছে হত্যার সঙ্গে বড় ভাই সজলের সম্পৃক্ততা থাকতে পারে। তাই গত শুক্রবার সজলকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে তিনি বোনকে হত্যার কথা স্বীকার করেন।
স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সজল বলেন, দুই বছর আগে বন্যার একই জেলার নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের আঠারবাড়িয়া গ্রামের ওমর ফারুকের সঙ্গে বিয়ে হয়। দাম্পত্য বিরোধের কারণে বন্যা প্রায় চার মাস ধরে বাবার বাড়িতে থাকছিলেন। ২১ জুন রাতে তিনি ঘরে এসে দেখেন বন্যা নেই। পরে দিবাগত রাত তিনটার দিকে বন্যা ঘরে আসেন। তখন তিনি বন্যার কাছে বাইরে থাকার কারণ জানতে চাইলে তাঁদের দুজনের ঝগড়া শুরু হয়। এরপর বন্যা ঘুমিয়ে পড়লে তিনি কাপড় দিয়ে তাঁর (বন্যা) মুখ চেপে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলেন। পরে বস্তায় লাশ ঢুকিয়ে প্রথমে বাড়ির পাশের ঝোপে ফেলে দেন। এরপর নিজেই লাশটি আবার বাড়ির সামনের কবরস্থানে নিয়ে আসেন।
লাশ উদ্ধারের পরদিন বন্যার ভাই কাজল হত্যা মামলা করেন।