বোনকে হত্যার দায়ে ভাইসহ দুজনের মৃত্যুদণ্ড
বোনকে হত্যার দায়ে ভাইসহ দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার পরিবেশ আপিল আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামি হলেন নিহত আসমা আকতারের আপন ভাই আকবর হোসেন ও তাঁর সহযোগী তোফাজ্জল হোসেন। একই সঙ্গে আদালত দুই আসামিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন।
সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এফ এম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, রায় ঘোষণার পর আসামি আকবর হোসেনের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। অপর আসামি তোফাজ্জল পলাতক।
রায়ে বলা হয়, এ মামলায় নিহত আসমা আকতার ও আসামি আকবর হোসেন আপন ভাই-বোন। মামলার সাক্ষ্য-প্রমাণে দেখা যায়, ঋণের টাকা না দেওয়ার জন্য আসামি আকবর হোসেন সহযোগী তোফাজ্জল হোসেনকে নিয়ে পরিকল্পিতভাবে তাঁর বোনকে হত্যা করেন। আসামি আকবর তাঁর নিজ বোনকে মেরে ফেলতে দ্বিধা করেননি। আসামিরা আসমা আকতারকে পূর্বপরিকল্পনা অনুযায়ী মুখে রুমাল ও বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এ ধরনের অপরাধ ক্ষমার অযোগ্য। তাই সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দুই আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো।
২০১৫ সালের ৫ আগস্ট রাজধানীর বংশালের বাসায় আসমাকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত আসমার ছেলে ফয়সাল আহমেদ বংশাল থানায় এ মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ২৯ অক্টোবর বংশাল থানা-পুলিশ আকবর ও তোফাজ্জলের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।