বোনকে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসির আদেশ
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বোনকে হত্যার দায়ে ভাইকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে এই হত্যা মামলার রায়ে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী আসামির অনুপস্থিতিতে এ আদেশ দেন।
দণ্ডাদেশ পাওয়া আসামি হলেন নুরুল আমিন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ২৬ নভেম্বর চকরিয়ার উমখালী এলাকায় বোন জাহানারা বেগমকে কুপিয়ে হত্যা করেন ভাই নুরুল আমিন। জাহানারা বেগমের ছেলের সঙ্গে নুরুল আমিনের ঝগড়ার জের ধরে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় জাহানারা বেগমের মেয়ে কোহিনুর আক্তার বাদী হয়ে থানায় মামলা করেন।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে বলেন, বোন জাহানারাকে কুপিয়ে হত্যা করার অভিযোগে করা মামলায় ভাই নুরুল আমিনের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দেয় পুলিশ। ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ আদালত নুরুল আমিনের ফাঁসির আদেশ দেন। তিনি বলেন, আসামি পলাতক রয়েছেন।