বোনদের বাঁচাতে প্রাণ গেল ভাইয়ের
চলন্ত ট্রেনে দুই বোনকে উঠতে সাহায্য করতে গিয়ে ধাক্কায় প্রাণ গেল ভাইয়ের। গত বুধবার নাটোরের লালপুর উপজেলার আবদুলপুর জংশন স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শাকের হাবিব (৫৬)।
শাকের হাবিব দিনাজপুরের হাবিব ব্রাদার্স অটো রাইস মিলের মালিক এবং শহরের কোতোয়ালি থানার পুলহাট বাণিজ্যিক এলাকার বাসিন্দা ছিলেন। বোন ফিরোজী আহম্মেদ (৬০) ও জারিন ফাতেমাকে (৫২) নিয়ে খুলনা যাচ্ছিলেন তিনি।
ফিরোজী আহম্মেদ ও জারিন ফাতেমা জানান, খুলনা শহরে তাঁদের একটি বাড়ি বিক্রির জন্য তিন ভাইবোন সেখানে যাচ্ছিলেন। তাঁরা দিনাজপুর স্টেশন থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে ওঠেন। পথে লালপুরের আবদুলপুর স্টেশনে নামেন। কিন্তু ওই স্টেশন থেকে ঈশ্বরদীগামী ৬-ডাউন মেইল ট্রেনটি ছেড়ে দেওয়ায় তাঁরা দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে যান। এ সময় নিচ থেকে শাকের হাবিব বড় বোন ফিরোজী আহম্মেদকে সিঁড়ি দিয়ে দ্রুত ট্রেনে উঠতে সহায়তা করেন। কিন্তু ট্রেনের গতি বেড়ে যাওয়ায় শাকের হাবিবের মাথায় সিঁড়ির হাতলের আঘাত লাগে। সঙ্গে সঙ্গে সিঁড়ির বাড়তি অংশের ধাক্কায় তাঁর পেট কেটে যায়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। এ ঘটনার পরপরই ভাইয়ের লাশ নিয়ে দিনাজপুরের বাড়ি ফিরে আসেন দুই বোন। গতকাল বৃহস্পতিবার দুপুরে জানাজা শেষে শহরের ফরিদপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
আবদুলপুর স্টেশনের মাস্টার মিজানুর রহমান বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঈশ্বরদীগামী ৬-ডাউন মেইল ট্রেনে দুর্ঘটনাটি ঘটে।