বোনাস বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর দক্ষিণ আউচপাড়ায় অবস্থিত ডিএএল নিটওয়্যার লিমিটেডের শ্রমিকেরা বোনাস বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করছেন। মালিকপক্ষ দফায় দফায় শ্রমিকদের সঙ্গে আলোচনা করেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। গাজীপুর শিল্প-পুলিশ সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল থেকে ওই পোশাক কারখানার এক হাজার ২০০ শ্রমিক বোনাস বৃদ্ধি ও অর্জিত ছুটির টাকার দাবিতে কর্মবিরতি শুরু করেন। শ্রমিকদের দাবি, এক বছরে ১৮ দিন অর্জিত ছুটির টাকা এবং মূল বেতনের সমপরিমাণ দুটি উৎসব বোনাস দিতে হবে। পরে মালিকপক্ষ অর্জিত ছুটির বিষয়টি মেনে নিয়ে শ্রমিকদের কাজে যোগদান করতে বলে। কিন্তু সব দাবি না মানায় শ্রমিকেরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। শ্রমিকেরা বলেন, সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের কর্মবিরতি চলবে। কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মো. আবদুল হক বলেন, শ্রমিকদের সব দাবি একসঙ্গে পূরণ করা সম্ভব নয়। এ বছর অর্জিত ছুটির পাওনা টাকা সম্পূর্ণই শ্রমিকদের পরিশোধ করা হবে। উৎসব ভাতা আরও ১৫ শতাংশ বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হলেও শ্রমিকেরা তা মেনে নেননি। গাজীপুর শিল্প-পুলিশের সহকারী উপপরিচালক মো. মোস্তফা বলেন, শ্রমিকদের দাবি এবং সরকারি বিধি মোতাবেক সমস্যা সমাধানের জন্য মালিকপক্ষকে বলা হয়েছ। তবে এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।