বোনের পর চলে গেল ভাইও, মা চিকিৎসাধীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ড ২৪ ডিসেম্বর দিবাগত রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪৫ জন পুড়ে মারা যান। আহত ও দগ্ধ হন ৭০ জনের বেশি। নিখোঁজ হন অর্ধশতাধিক।
ছবি: সংগৃহীত

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ তামিম হোসেন (১১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ রোববার ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির। এর আগে গত ২৪ ডিসেম্বর তামিমের বোন মাহিনুর আক্তারকে (৭) ঝালকাঠি থেকে ঢাকায় আনার পথে মারা যায়। তাদের মা জেসমিন বেগম বার্ন ইনস্টিটিউটে এখনো চিকিৎসাধীন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন প্রথম আলোকে বলেন, আজ সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তামিম মারা যায়। অগ্নিকাণ্ডে তার শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল।

গত ২৩ ডিসেম্বর দিবাগত রাতে ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এ সময় লঞ্চটিতে প্রায় ৮০০ যাত্রী ছিলেন। এ ঘটনায় আগুনে পুড়ে ও নদীতে ঝাঁপ দিয়ে তামিমসহ ৪৬ জনের মৃত্যু হলো। বরগুনা জেলা প্রশাসনের তথ্যমতে, এ ঘটনায় এখনো অন্তত ৩৩ জন নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় দগ্ধ ২১ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে পাঁচজন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। তিনজনের মৃত্যু হয়েছে। এখন চিকিৎসাধীন ১৩ জন।

তামিমের মামা মোহাম্মদ মামুন মিয়া প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার ১২ দিন আগে তাঁর বোন জেসমিন দুই সন্তানকে নিয়ে বরগুনা থেকে ঢাকার কেরানীগঞ্জে আসেন। ঘটনার দিন বিকেলে বোন লঞ্চে করে বরগুনা ফিরছিলেন। গভীর রাতে লঞ্চে অগ্নিকাণ্ডে দুই সন্তানসহ তিনি দগ্ধ হন। জেসমিনের স্বামী খলিলুর রহমান বরগুনা সদরে কাপড়ের ব্যবসা করেন।