বোনের বিয়ের নিমন্ত্রণপত্র নিয়ে ফেরা হলো না তাঁর
‘মেয়েটা আব্বু বলে ডাক দিয়ে ওর পায়ে ধরে রেখেছিল। সবাই বলেছিল বাইরে না যেতে। তবু সে চলে গেল। এ রকম জানলে ওকে বাইরে যেতে দিতাম না।’বিলাপ করতে করতে এসব কথা বলছিলেন নিহত দোকান কর্মচারী মো. আফজাল আহমেদের স্ত্রী রীমা আক্তার। গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের শেখ মুজিব সড়কে জামায়াত-শিবিরের তাণ্ডব চলাকালে মাথায় আঘাত পেয়ে মারা যান আফজাল।গতকাল বুধবার নগরের ডবলমুরিং থানার সুপারিওয়ালাপাড়ায় আফজালের নানার বাড়িতে গিয়ে দেখা যায় পরিবারের সদস্যরা বিলাপ করছেন।পরিবারের সদস্যরা জানান, চার ভাই ও দুই বোনের মধ্যে আফজাল সবার বড়। পক্ষাঘাতগ্রস্ত বাবা আমির আহমদ নগরের কর্নেলহাট বাজারে মাছ বিক্রি করেন। ২২ ফেব্রুয়ারি আফজালের ছোট বোন আরিফার বিয়ের দিন ধার্য রয়েছে। কর্নেলহাটের মজিব কমিশনারের বাড়ির এলাকায় আফজালের পরিবারের সদস্যরা থাকেন। তবে স্ত্রী-সন্তান নিয়ে আফজাল থাকতেন সুপারিওয়ালাপাড়ায় নানার বাড়িতে।আফজালের মা আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘গত সোমবার রাতে আফজাল আমার সঙ্গে ছিল। মঙ্গলবার সকালে চলে আসে। বলেছিল, বোনের বিয়ের কার্ড (নিমন্ত্রণপত্র) বানাতে দিয়েছে। সেগুলো নিয়ে বুধবার আবার আসবে।’ কিন্তু সেই নিমন্ত্রণপত্র নিয়ে আর মায়ের কাছে ফেরা হয়নি আফজালের।আফজালের স্ত্রী রীমার কোলে দেড় বছর বয়সী সন্তান আইরিন। আশপাশে সবার কান্না দেখে সেও কাঁদছিল। রীমা বলেন, ‘মঙ্গলবার দুপুরে বাইরে থেকে বাসায় ফিরে টেলিভিশন দেখছিল আফজাল। একটা টেলিফোন আসতেই সে বেরিয়ে যায়। মেয়েটার তো কিছু বোঝার বয়স হয়নি। তবু বাবা বেরিয়ে যাওয়ার সময় সে আব্বু বলে পায়ে জড়িয়ে ধরেছিল।’পুলিশ সূত্র জানায়, আফজাল নগরের শেখ মুজিব সড়কে ইত্যাদি ডেকোরেশন নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। গত মঙ্গলবার রাতে শেখ মুজিব সড়কে জামায়াত-শিবিরের তাণ্ডব শুরু হলে তড়িঘড়ি করে তিনি দোকানের শার্টারে তালা লাগানোর চেষ্টা করেন। এ সময় পথচারীদের ধাক্কায় সড়কে পড়ে মাথায় আঘাত পান তিনি। লোকজন তাঁর শরীরের ওপর দিয়ে দৌড়ে যায়।আফজালের মামা শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘গুরুতর আহত আফজালকে প্রথমে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য কোনো গাড়ি পাওয়া যায়নি। পরে ভ্যানে করে তাকে নিয়ে যাওয়া হয়।’