বোমা-আতঙ্কে ঝালকাঠিতে বিচারকের এজলাস ত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার বোমা-আতঙ্কে গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এজলাস ত্যাগ করেছেন। বিচারক এজলাস ত্যাগ করার পর পুলিশের বিশেষ শাখা ও আদালত পুলিশের সদস্যরা বিচারকক্ষে প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালান। তবে আদালতকক্ষে বোমা বা বোমাসদৃশ কোনো বস্তু পাওয়া যায়নি। বোমা-আতঙ্কের পর ওই আদালতে সোমবার আর কোনো বিচারিক কাজ হয়নি। আদালত পুলিশের পরিদর্শক সুরেন্দ্র কুমার বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে বিচারক এজলাসে বিচারকাজ করার সময় হঠাৎ টিকটিক শব্দ শুনতে পান। এরপর তিনি আমাদের খবর দিয়ে তল্লাশি করতে নির্দেশ দেন। আমি পুলিশের বিশেষ শাখাকে জানালে তারা এসেও তল্লাশি চালায়। তবে বোমা-জাতীয় কোনো কিছু পাওয়া যায়নি।’বোমা-আতঙ্কের কারণ হিসেবে স্থানীয় কয়েকজন আইনজীবী বলেন, জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে দুই বিচারক নিহত হন। আহত অবস্থায় ধরা পড়ে হামলাকারী জেএমবির সুইসাইড স্কোয়াডের সদস্য ইফতেখার হাসান আল মামুন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে তৎকালীন অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ ২০০৬ সালের ২৯ মে এজাহারভুক্ত আসামি জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, সামরিক শাখাপ্রধান আতাউর রহমান, উত্তরাঞ্চলীয় সমন্বয়কারী আবদুল আউয়াল, দক্ষিণাঞ্চলীয় সমন্বয়কারী খালেদ সাইফুল্লাহ ও বোমা হামলাকারী ইফতেখার হাসান আল মামুনকে ফাঁসির আদেশ দেন। ২০০৭ সালের ২৯ মার্চ শীর্ষ ছয় জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জঙ্গিদের ফাঁসির রায় কার্যকর হওয়ার ২০ দিন পর মামলা পরিচালক তৎকালীন সরকারি কৌঁসুলি হায়দার হোসেনকে ২০০৭ সালের ১১ এপ্রিল গুলি করে হত্যা করা হয়। এ মামলায় জেএমবির পাঁচ জঙ্গির বিরুদ্ধে কিরণ শংকর হালদারের আদালতে বিচারকাজ চলছে।ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের কৌঁসুলি আবদুল মান্নান রসুল সাংবাদিকদের জানান, জঙ্গিরা তাঁদের মিশন বাস্তবায়নের জন্য বারবার ঝালকাঠিকে বেছে নেয়। গত ১৪ আগস্ট নলছিটি উপজেলা থেকে নয়জন জঙ্গিকে আটক করে পুলিশ। তাদেরও কোনো উদ্দেশ্য ছিল। গ্রেপ্তার হওয়ায় সে উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি। তাই বিচারকদের মধ্যে ভয় থাকতেই পারে।