বোমা তৈরির সময় আ.লীগের তিন কর্মী আহত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরহোগলা গ্রামে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের এক কর্মীর বাড়িতে বোমা তৈরির সময় দুটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে তিন কর্মী গুরুতর আহত হন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা গ্রামের আওয়ামী লীগের কর্মী অলিমুল্লার বাড়িতে বোমা তৈরির সময় হঠাৎ দুটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে বোমা তৈরির কারিগর চরহোগলা গ্রামের আওয়ামী লীগের কর্মী জুমঞ্চান মিয়া (২৫) ও মুহামঞ্চদ আলী (৩০) এবং মুন্সিগঞ্জ সদর উপজেলার হাটলক্ষ্মী গ্রামের মোকবিল হোসেন (৩৫) গুরুতর আহত হন। মোকবিল হোসেনের দুই হাতের আঙুল উড়ে গেছে এবং এক হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আলী ও জুমঞ্চানের এক হাতের আঙুল উড়ে গেছে এবং মুখমণ্ডল ঝলসে গেছে।
যোগাযোগ করা হলে অলিমুল্লাহ জানান, তাঁর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলেও বোমা তৈরির সঙ্গে তিনি জড়িত নন। শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আওয়ামী লীগের নেতা নাছির উদ্দিন তাঁর বাড়িতে জোর করে ঢুকে লোকজন নিয়ে বোমা তৈরি করছিলেন।
অভিযোগ অস্বীকার করে নাছির উদ্দিন বলেন, ‘যাঁরা আহত হয়েছেন, তাঁরা আমার সমর্থক। তবে এ কাজের সঙ্গে আমি জড়িত নই।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বোমা তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।