বোমা তৈরির সময় বিস্ফোরণ কবজি গেল ছাত্রদল কর্মীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বোমা তৈরির সময় বিস্ফোরণে ছাত্রদলের এক কর্মীর হাতের কবজি উড়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ভোরে আড়াইহাজার পৌরসভার গাজীপুরা গ্রামে ওই ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার ভোররাতে আড়াইহাজার পৌরসভার গাজীপুরা গ্রামের আবুল হোসেনের ছেলে ছাত্রদলের কর্মী শাহিবুর রহমান (২৫) বাড়িতে বোমা তৈরির সময় তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে ঘরের বেড়া ও দরজা ভেঙে যায়। বাড়ির লোকজন আহত শাহিবুরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে এবং পুলিশের ভয়ে তাঁকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর শাহিবুরের পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে গেছে।হাসপাতাল সূত্র জানায়, আহত শাহিবুরের ডান হাতের কবজি পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে উড়ে গেছে এবং তাঁর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, আহত শাহিবুর স্থানীয় ছাত্রদলের কর্মী। তিনি নাশকতা সৃষ্টির জন্যই বোমা বানাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।