বোমা তৈরির সময় বিস্ফোরণে শিবির ও ছাত্রদল কর্মী আহত
বরিশালের উজিরপুর উপজেলায় বোমা তৈরির সময় দুই তরুণ গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার দুপুরে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের শেরে বাংলা হাটসংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ছয়-সাতজনকে আসামি করে মামলা করেছে। মামলায় আহত রুবেল মাতুব্বরকে (২০) গ্রেপ্তার দেখানো হয়েছে।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ দিন আগে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামের রুবেল মাতুব্বর উজিরপুরের বড়াকোঠা গ্রামে তাঁর ভগ্নিপতি মিজানুর রহমানের বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার দুপুর দেড়টার সময় বড়াকোঠা গ্রামের যুবদল কর্মী রিপন সিকদারের বাড়িতে রুবেল ও তাঁর ভাগ্নে ফুল হাওলাদারসহ চার-পাঁচজন তরুণ বোমা তৈরি করছিলেন। এ সময় বিস্ফোরণের বিকট শব্দ হলে গ্রামে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে এসে দেখেন, বোমা তৈরির সরঞ্জাম ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। আহত রুবেল ও ফুল হাওলাদার যন্ত্রণায় কাতরাচ্ছেন। সেই সঙ্গে কয়েকজন তরুণ দৌড়ে পালাচ্ছে। ঘটনার পর স্থানীয় ব্যক্তিরা উজিরপুর থানা পুলিশকে খবর দেন। পুলিশ দুপুর তিনটায় ঘটনাস্থলে পৌঁছে রুবেল ও ফুল হাওলাদারকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে রুবেলকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।উজিরপুর থানা সূত্রে জানা গেছে, আহত রুবেল মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা শিবিরের কর্মী। রিপন সিকদার যুবদল ও ফুল হাওলাদার স্থানীয় ছাত্রদলের কর্মী। এলাকায় নাশকতা সৃষ্টির পরিকল্পনা নিয়ে তাঁরা বোমা তৈরি করছিলেন। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বাদী হয়ে রুবেল, রিপন ও ফুল হাওলাদারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে আসামি করে শুক্রবার রাতে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন। পরে পুলিশ আহত রুবেলকে গ্রেপ্তার করে।উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহাবুদ্দিন বলেন, বড় ধরনের নাশকতা ঘটানোর জন্য বোমা তৈরি করা হচ্ছিল। এজাহারভুক্ত আসামিরা শিবির, যুবদল ও ছাত্রদলের কর্মী। রিপন সিকদারের ঘর থেকে বিএনপির দুটি ব্যানার ও পোস্টার এবং ঘটনাস্থল থেকে বোমা তৈরির আলামত উদ্ধার করা হয়েছে। বরিশাল জেলা পুলিশ সুপার (এসপি) এহসানউল্লাহ ও সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অশোক কুমার নন্দী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।