বোমা তৈরির সময় বিস্ফোরণে শিবির কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা গ্রামে এক জামায়াত নেতার বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রুবেল মাতুব্বর (২২) নামের এক শিবির কর্মী আহত হন। পুলিশ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। রুবেলের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শোলঘর গ্রামে। গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার বরাকোঠা গ্রামের রিপন সিকদারের বাড়িতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। বরাকোঠা গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. আনোয়ার হোসেন জানান, বরাকোঠা নূরানিয়া হাফেজিয়া কওমি মাদ্রাসাসংলগ্ন জামায়াতের সংগঠক রিপন সিকদারের বাড়িতে গতকাল বেলা দেড়টার দিকে বোমার বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী থানার পুলিশকে বিষয়টি জানান। এ সময় বাড়ির ভেতর থেকে গুরুতর আহত এক যুবককে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী রিপনকে ধাওয়া করেন। পরে ওই যুবককে ফেলে রেখে রিপন পালিয়ে যান।নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী জানান, এলাকায় নাশকতা করতে স্থানীয় জামায়াত ও বিএনপির নেতারা কয়েক দিন ধরে এই বাড়িতে গোপন বৈঠক করে আসছিলেন। ওই নাশকতার জন্যই বোমা বানানো হচ্ছিল বলে জানান তিনি।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন আহমেঞ্চদ প্রথম আলোকে জানান, রিপন সিকদারের বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় শিবির কর্মী রুবেলকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। পাশাপাশি রিপনকে গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।