বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুরে বৃহস্পতিবার গভীর রাতে বোমা বানাতে গিয়ে আহত হওয়ার ঘটনায় আজ শনিবার সদর থানায় মামলা করেছে পুলিশ। মামলায় নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শরিয়তুল্লাহ লাহু, সহসভাপতি ও ইউপি সদস্য হুমায়ন কবীরসহ ৪০ জন ও অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার নারায়ণপুর ইউনিয়নের রুস্তম মোড়লের টোলা গ্রামে হুমায়ন কবিরের বাসায় বোমা তৈরি করতে গিয়ে জাহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির হাতের কবজি উড়ে যায়। এ ছাড়া হুমায়ন কবিরের ছেলে সাকিল ওরফে সুমন (২৮) ও আরিফুল হক (৪০) নামে দুই ব্যক্তি মারাত্মকভাবে আহত হন। পুলিশের হেফাজতে তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের দুজন সহযোগীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রাম্য রাজনীতিতে কর্তৃত্ব ধরে রাখার জন্য বোমা মজুত করে রাখার উদ্দেশ্যে সেগুলো বানানো হচ্ছিল।