বোমা নিক্ষেপকারীদের হাত পুড়িয়ে দেওয়া উচিত: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আবারও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যারা পেট্রলবোমা ছুড়ে মানুষ পোড়াচ্ছে, তাদের হাত পুড়িয়ে দিলে তারা বুঝবে পোড়ার কী যন্ত্রণা। খবর বাসসের।
প্রধানমন্ত্রী গতকাল শনিবার বিকেলে সেগুনবাগিচায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) ২০ তলাবিশিষ্ট প্রধান কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের পেট্রলবোমায় একজন অন্তঃসত্ত্বা মায়ের গর্ভেই তাঁর সন্তান মারা গেছে—এ কথা শুনে আমি খুবই কষ্ট পেয়েছি। যারা বোমা বানায় ও তা ছুড়ে মারে, গ্রেপ্তারের পর তাদের হাত পুড়িয়ে দেওয়া উচিত, যেন তারা পোড়ার যন্ত্রণা বুঝতে পারে।’
শেখ হাসিনা বলেন, ‘অনেক আঁতেল (তথাকথিত বুদ্ধিজীবী) আমার কথার সমালোচনা করবেন। তাঁদের বলছি, বার্ন ইউনিটে (হাসপাতাল) গিয়ে বিএনপি-জামায়াত চক্রের সন্ত্রাসীদের নৃশংসতায় আক্রান্তদের কান্না ও দুর্ভোগ দেখে আসুন।’
সরকারপ্রধান হিসেবে শেখ হাসিনা প্রথম এনএসআই সদর দপ্তর পরিদর্শন করেন। গতকালের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনএসআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল মো. শামসুল হক। এ সময় মঞ্চে ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। এ ছাড়া অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত ছিলেন।