বোমা নিয়ে টানাহেঁচড়া, তিন ‘সোর্স’ আহত
মেহেরপুর শহরের দীঘিরপাড়ায় গত শুক্রবার রাতে বোমা নিয়ে টানাহেঁচড়া করতে গিয়ে দুটি বোমার বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।আহত ব্যক্তিরা হলেন: মেহেরপুর শহরের দীঘিরপাড়ার বাদল শেখ (৪০), ওয়াপদাপাড়ার হবিবুর রহমান (৩৮) এবং গাংনী উপজেলার বামুন্দী-রামনগর গ্রামের মহিরুল ইসলাম (৩৫)। তাঁরা এলাকায় র্যাব ও পুলিশের সোর্স হিসেবে পরিচিত। তবে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেছেন, আহত ব্যক্তিরা পুলিশের সোর্স নন। তাঁরা সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাঁদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে। তাঁদের পুলিশি হেফাজতে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।পুলিশ ও নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, জেলা যুবলীগের একটি অংশ বোমা বিস্ফোরণে আহত ব্যক্তিদের দিয়ে যুবলীগের বহিষ্কৃত এক নেতাকে হত্যার পরিকল্পনা করে। এরই অংশ হিসেবে কিছুদিন আগে মেহেরপুর জেনারেল হাসপাতালের সামনে একটি রোগনির্ণয় কেন্দ্রে বসে সন্ত্রাসীদের বৈঠক হয়। সেখানে জেলা যুবলীগের শীর্ষস্থানীয় এক নেতা ছিলেন। পরিকল্পনামতো গাংনী কাজীপুর বেলগাড়ি গ্রামের এক সন্ত্রাসীকে ভারত থেকে বোমা তৈরির উপকরণ কিনতে ১০ হাজার টাকা দেওয়া হয়। ওই সন্ত্রাসী উপকরণ কিনে বোমা তৈরি করে তা গাংনীর মহিরুলের হাতে তুলে দেয়। মহিরুল বোমা নিয়ে মেহেরপুর শহরের দীঘিরপাড়ায় বাদল শেখের বাড়িতে যান। সেখানে ছিলেন বাদল ও হবিবুর। কিন্তু যুবলীগের নেতার ওপর বোমা হামলা নিয়ে একজন দ্বিমত পোষণ করলে বোমা নিয়ে তাঁদের মধ্যে টানাহেঁচড়া হয়।’