বোমা বানাতে গিয়ে আহত কেটে ফেলতে হলো কবজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর পশ্চিমপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত পালু হোসেন (৩৪) নামের একজনের ডান হাতের কবজি অবধি কেটে ফেলতে হয়েছে।
হাসপাতালের চিকিৎসকেরা জানান, বোমার আঘাতে তাঁর ডান হাতের সব আঙুল ক্ষত-বিক্ষত হয়। তাই হাতের কবজি কেটে ফেলতে হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল ভোরে পালু নিজ বাড়িতে বসেই বোমা বানাচ্ছিলেন। এ সময় একটি বোমা হাতে বিস্ফোরিত হলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে গ্রামবাসী তাঁকে ধরে পুলিশে সোপর্দ করেন।
তবে পালু জানান, দুর্বৃত্তদের ছোড়া বোমা হাত দিয়ে ঠেকাতে গিয়ে তাঁর হাত ক্ষতিগ্রস্ত হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, পালু এলাকায় কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে, ডাকাতির কাজে ব্যবহারের জন্য তিনি বোমা বানাচ্ছিলেন। এ সময় বোমার বিস্ফোরণে নিজেই আহত হন। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে। বর্তমানে পুলিশ হেফাজতে মেহেরপুর জেনারেল হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।