র্যাব দাবি করছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আবদুন নূর জেএমবির প্রধান সমন্বয়ক
বোমা, বিপুল সরঞ্জামসহ জেএমবির পাঁচ জঙ্গি গ্রেপ্তার
বেশ কিছু বোমা, বোমা তৈরির সরঞ্জামসহ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার গভীর রাতে সিরাজগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব দাবি করছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আবদুন নূর (৩১) জেএমবির প্রধান সমন্বয়ক। বাকি চারজন হলো: এহসার (সার্বক্ষণিক সদস্য) নুর ইসলাম ও নুরুজ্জামান আরিফ এবং গায়েরে এহসার (সাধারণ সদস্য) আবুল কালাম আজাদ ও ফারুক আহম্মেদ।
এ নিয়ে গতকাল শুক্রবার বিকেলে র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে র্যাবেরআইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১২-এর একটি দল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সিরাজগঞ্জের শহীদ মুনসুর আলী রেলস্টেশনে অভিযান চালিয়ে আবদুন নূরসহ পাঁচজনকে আটক করে। তাদের কাছ থেকে চারটি টাইমবোমা, ১০ কেজি পাওয়ার জেল, ৪৯টি প্রাইমারি ডেটোনেটর, ২৬টি বৈদ্যুতিক ডেটোনেটর, ১৫৫টি বিভিন্ন প্রকার সার্কিট, ৫৫টি পুস্তিকা, ৪৫টি বোতাম টাইপ সার্কিট, একটি পাওয়ার রেগুলেটর ও কয়েকটি উচ্চক্ষমতাসম্পন্ন বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাবেরপাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার জেএমবি সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আবদুন নূর মূলত দেশে অবস্থান করে আত্মগোপনে থাকা জেএমবির আমির সোহেল মাহফুজের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। একই সঙ্গে জেএমবিকে আবার সংগঠিত করার লক্ষ্যে নতুন সদস্য সংগ্রহের চেষ্টা করছিলেন। এই লক্ষ্যে কারাগারে অবস্থানরত জেএমবির শীর্ষ নেতাদের ও দেশের বাইরে আত্মগোপনে থাকা সংগঠনের সক্রিয় সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন।
র্যাবেরসংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার হওয়া জঙ্গিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা গ্রেপ্তার-আতঙ্কে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ চাঁপাইনবাবগঞ্জ থেকে গাজীপুরের জয়দেবপুরের দিকে যাচ্ছিল। তারা যেকোনো রাজনৈতিক অস্থিরতার সুযোগে নাশকতা সৃষ্টি করে আবার সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার জানান দিতে চেয়েছিল।
সংবাদ ব্রিফিংয়ে র্যাবেরপরিচালক মুফতি মাহমুদ খান বলেন, তিনি মনে করেন, সাংগঠনিকভাবে সারা দেশে নাশকতা বা বোমা হামলা চালানোর সক্ষমতা জেএমবির নেই। তবে যারা গ্রেপ্তার হয়নি, তাদের তৎপরতা একেবারে বন্ধ হয়ে যায়নি। তারা আবার সংগঠিত হওয়ার ব্যর্থ চেষ্টা করছে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া আবদুন নূরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনগর জাইগির গ্রামে। তাঁর বিরুদ্ধে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, মুকসুদপুর এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় ছয়টি ডাকাতির মামলা রয়েছে। ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি ছয় বছর জেল খাটেন। ২০১০ সালের শেষের দিকে মুক্তি পান। জেলে থাকা অবস্থায় নিজ এলাকার তরিকুল (৪০) ও নারায়ণগঞ্জের বন্দর থানার মাসুম (৪৫) নামের দুই ব্যক্তির সঙ্গে পরিচয় হয় আবদুন নূরের। কারাগারে তাঁদের দ্বারা উদ্বুদ্ধ হন আবদুন নূর।
র্যাবের বিজ্ঞপ্তি অনুযায়ী, মুক্তি পাওয়ার পর আবদুন নূর ঢাকা ও নারায়ণগঞ্জে কিছুদিন রাজমিস্ত্রির কাজ করেন। এরপর নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গিয়ে কাপড়ের ব্যবসা শুরু করেন। এরই মধ্যে তরিকুলও মুক্তি পান। তারপর তরিকুলের নির্দেশনা অনুযায়ী আবদুন নূর ব্যবসার পাশাপাশি জেএমবির বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হন। পরে ভারতে পালিয়ে থাকা তরিকুলের নির্দেশে আবদুন নূর জেএমবির চাঁপাইনবাবগঞ্জ জেলাপ্রধান হিসেবে কাজ শুরু করেন।