বোমা মারতে দেখলে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানবাহন চলাচলের বিষয়টি নির্বিঘ্ন করে জানমালের নিরাপত্তা বিধানের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেছেন, ‘যদি দেখা যায়, গাড়িতে কেউ এ রকম বোমা মারছে সাথে সাথে গুলি। এই পন্থা না নিলে জনজীবনকে রক্ষা করা যাবে না। আমাদের অর্থনীতিকে রক্ষা করা যাবে না।’
গতকাল বুধবার সন্ধ্যায় পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত এক পেশাজীবী সমাবেশে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম এ কথা বলেন। পেট্রলবোমা নিক্ষেপকারী, পুড়িয়ে নিরীহ মানুষ হত্যাকারী ও নির্দেশনা প্রদানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং দেশের উন্নয়ন-অর্থনীতি ধ্বংসকারী হরতাল-অবরোধের প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ওই সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘মালামাল বহনের ব্যাপারে ভয়ানক ক্ষতি হচ্ছে। কৃষকেরা তাঁদের কাঁচামাল আনতে পারছেন না।...সকালবেলা উত্তরবঙ্গ থেকে ১০০টা বা ৫০টা গাড়ি বিজিবি পাহারায় ঢাকার দিকে রওনা হবে। কক্সবাজার ও চট্টগ্রাম থেকে এ রকম দিনের বেলায় গাড়ির বহর রওনা হবে। সামনে-পেছনে বিজিবি পাহারা থাকবে। দরকার হলে মাঝখানেও। প্রতিটি গাড়িতেও পুলিশ থাকতে পারে এবং সেখানে অস্ত্রধারী পুলিশ থাকবে। যদি দেখা যায়, গাড়িতে কেউ এ রকম বোমা মারছে সাথে সাথে গুলি। এই পন্থা না নিলে জনজীবনকে রক্ষা করা যাবে না।...কাজেই আমাদের যানবাহন চলাচলের বিষয়টি যাতে বিজিবি প্রয়োজন হলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এটাকে চালু করার জন্য অনতিবিলম্বে আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।’
কয়েকটি প্রস্তাব তুলে ধরে মাহবুবে আলম বলেন, ‘হিটলার মানুষকে মারার জন্য করেছিল গ্যাস চেম্বার। আজকে খালেদার রাজনীতি হলো চলন্ত গ্যাস চেম্বার। কাজেই যাঁরা আহত-নিহত হচ্ছেন তাঁদের পাশে গিয়ে আমাদের দাঁড়াতে হবে। মনে করি প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিল অবিলম্বে সৃষ্টি করা উচিত। প্রতিটি সংসদ সদস্য এই তহবিলে কমপক্ষে দুই লাখ টাকা করে অনুদান দেবেন।’
তরুণ প্রজন্মের প্রামাণ্য চিত্রনির্মাতাদের উদ্বুদ্ধ করে ওই সব বর্বরতা ও নিষ্ঠুরতা, হত্যাকাণ্ডের ওপর ডকুমেন্ট তৈরি করার তাগিদ দেন তিনি। তিনি বলেন, সারা বিশ্বে তা দেখিয়ে খালেদা জিয়া এবং তাঁর পুত্রের মুখোশ উন্মোচিত করা হোক।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, রাষ্ট্রসমূহ ও সমাজের অনেকে সংলাপের কথা বলছেন। তাঁদের বলতে চাই, সংলাপ তখনই হবে যখন সন্ত্রাস বন্ধ হবে, যখন এই অগ্নিদগ্ধ মানুষের আহাজারি থাকবে না।’
সমন্বয় পরিষদের সভাপতি এ এফ এম মেসবাহউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে ঢাকা বিশ্বিবদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বিএমএর সভাপতি মাহমুদ হাসান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক মন্ত্রী সাহারা খাতুন, শিক্ষক-কর্মচারী ফ্রন্টের প্রধান সমন্বয়কারী কাজী ফারুক আহমেদ, অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, কষিবিদ ইনস্টিটিউটের মহাসচিব মোবারক আলী, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব কামরুল হাসান খান, প্রকৌশলী এম এ সবুর, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মাহবুব আলী, শ ম রেজাউল করিম, এ এম আমীনউদ্দিন, মমতাজউদ্দিন মেহেদী প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন।