বোমা মেরে থানা উড়িয়ে দেওয়ার হুমকি
পাবনার আতাইকুলা থানা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার ভোরে জেলার সাঁথিয়া উপজেলার নন্দপুর গ্রাম থেকে এক চরমপন্থী নেতাকে গ্রেপ্তারের পর তাকে ছেড়ে দেওয়ার দাবিতে সন্ত্রাসীরা এই হুমকি দেয়। এ ঘটনায় আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল ইসলাম নিজ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি জানান, ভোর চারটার দিকে ওই গ্রামে অভিযান চালিয়ে মো. আজম আলী বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাঁর কাছ থেকে একটি শার্টারগান ও দুটি গুলি উদ্ধার করে। তিনি নিষিদ্ধষোষিত চরমপন্থী দল সর্বহারার সদস্য। তাঁর বিরুদ্ধে আতাইকুলা থানায় দুটি হত্যা মামলা রয়েছে। ওসি হাবিবুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসীরা ভোর থেকে মুঠোফোনের দুটি নাম্বার থেকে আমাকে অবিরত হুমকি দিয়ে যাচ্ছে। অবিলম্বে আজমকে ছেড়ে না দিলে আমাকে ও আমার পরিবারকে ব্রাশফায়ার করে হত্যা এবং বোমা মেরে আতাইকুলা থানা উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিচ্ছে। আমরা গ্রেপ্তারকৃত ব্যক্তিকে থানায় জিজ্ঞাসাবাদ করছি। তিনি এখনো এ ব্যাপারে মুখ খোলেননি। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া বলেন, ‘আমরা সব সময়ই হুমকি পেয়ে থাকি। হুমকিদাতাদের শনাক্ত করার চেষ্টা করছি। থানায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’