বোমা মেশিন পুড়িয়ে পাথর উত্তোলন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাথর উত্তোলনকালে দুর্ঘটনায় ছয় শ্রমিকের মৃত্যুর পরিপ্রেক্ষিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় আজ মঙ্গলবার অভিযান চালানো হয়েছে। এ সময় পাথর উত্তোলনে ব্যবহৃত একটি বোমা মেশিন ও ১১টি শ্যালো মেশিন জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা ও উপজেলা প্রশাসনের একটি দল অভিযান চালিয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাছুম বিল্লাহ বলেন, এ দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের তদন্ত কমিটির নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ভোরে পাথর উত্তোলনের সময় টিলা ধসে ছয় শ্রমিক নিহত হন। এর মধ্যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকি চারজনের লাশ এখনো উদ্ধার করা যায়নি। লাশের সন্ধান দিতে টিলা এলাকা থেকে জিয়াউল হক নামের একজন শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলামের নেতৃত্বে একটি প্রশাসনিক তদন্ত কমিটি আজ সরেজমিনে শাহ আরেফিন টিলা এলাকায় যায়। বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান করেন। এ সময় টিলা কেটে পাথর উত্তোলন অব্যাহত থাকায় বেলা একটার দিকে একটি বোমা মেশিন ও ১১টি শ্যালো মেশিন জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে টিলা এলাকায় পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়।

পরিদর্শনকালে এডিএম সাংবাদিকদের বলেন, টিলা এলাকা থেকে পাথর উত্তোলন করতে দেওয়া হবে না। উত্তোলন চললেই অভিযান চালানো হবে। তিনি আরও বলেন, ‘এ টিলা আর এখন কোনো টিলা নেই, কঙ্কাল বানিয়ে ফেলা হয়েছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের খোঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’ শ্রমিকদের লাশ খুঁজে বের করে টিলা কাটায় শ্রমিক নিযুক্তকারীদের বিরুদ্ধে হত্যা মামলা করতে তিনি স্থানীয় পুলিশকে নির্দেশ দিয়েছেন বলে জানান।

পুলিশকে না জানিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা দুটি লাশের খোঁজ পেয়েছে নেত্রকোনা থানার পূর্বধলা থানার পুলিশ। আজ সকালে পূর্বধলার কান্দাপাড়া গ্রাম থেকে আবদুল কুদ্দুস ও জারিয়া গ্রাম থেকে খোকন মিয়া নামের দুজনের মরদেহ উদ্ধার করে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভি রঞ্জন দুটি লাশ উদ্ধারের বিষয়টি প্রথম আলোর ধরমপাশা প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।