বোমা মেশিন বন্ধে জিরো টলারেন্স দেখাতে হবে

সিলেটের জাফলংয়ে বোমা মেশিন বন্ধে স্থানীয় প্রশাসনকে জিরো টলারেন্স দেখাতে হবে বলে মন্তব্য করেছেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, বোমা মেশিন দিয়ে অবাধে পাথর তোলার কারণে জাফলংয়ে নদীর সীমানা পরিবর্তিত হচ্ছে। পরিবেশ রক্ষার স্বার্থে জাফলংয়ের অবস্থা পুনরায় আগের মতো করতে হবে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল এলাকায় নাজিমগড় রিসোর্টে ‘টুরিজম বর্ষ ২০১৬’ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সুদূরপ্রসারী পদক্ষেপ গ্রহণের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী জাতিসংঘের পরিবেশ-বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ অর্জন করেছেন। কিন্তু এই দেশে পরিবেশের বিপর্যয় ঘটলে প্রধানমন্ত্রীর পুরস্কার অর্জনের কোনো মূল্যই থাকবে না। সেটা সুন্দরবনেই হোক আর জাফলংয়েই হোক।
এ ছাড়া শিগগিরই সিলেট-চট্টগ্রাম রুটে বিমান চলাচল শুরু করার ঘোষণা দেন তিনি।
সভায় স্থানীয় সাংসদ ইমরান আহমদ অভিযোগ করেন, ‘বোমা মেশিন মূলত এক ধরনের ড্রেজার মেশিন। এটির মাধ্যমে জাফলংয়ে পরিবেশের চরম বিপর্যয় হচ্ছে। অথচ সেটি বন্ধ হচ্ছে না। কারণ এর পেছনে কোটি কোটি টাকার দুর্নীতি রয়েছে। এই বোমা মেশিনে নদী থেকে পাথর উত্তোলনের কারণে জাফলং চা বাগান, সেতু, উচ্চবিদ্যালয়সহ অনেক প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে পড়ছে।’
মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাতজন স্থানীয় জনপ্রতিনিধি, বাসিন্দা, সাংবাদিক ও ব্যবসায়ীরা অভিযোগ করেন, স্থানীয় প্রশাসন, বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের অসহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় সিলেটে পরিবেশের বিপর্যয় ঘটছে। পর্যটন এলাকা লালাখাল এলাকার তিন কিলোমিটার অংশে কোনো বালু উত্তোলন না করার জন্য উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও সেটি কেউই মানছেন না। এতে করে দৃষ্টিনন্দন লালাখাল এলাকা এখন হুমকির মুখে।
সভায় সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদের সভাপতিত্বে স্থানীয় সাংসদ ইমরান আহমদ, বেসামরিক বিমান মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. রইছ উল আলম মণ্ডল, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আফরোজা মোয়াজ্জেম, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, সিলেটের ডিআইজি মো. মিজানুর রহমান, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, নাজিমগড় রিসোর্টের প্রতিষ্ঠাতা নাজিম কামরান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।