বোমা মেশিন বন্ধে বেলার অবহিতপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ডাউকি-পিয়াইন ও কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের ধলাই নদী থেকে পাথর উত্তোলনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পরিবেশবিধ্বংসী ‘বোমা মেশিন’-এর ব্যবহার শুরু হয়েছে। সম্প্রতি ওই সব নদী এলাকা পরিদর্শন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) গত রোববার ওই দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও সিলেটের জেলা প্রশাসককে অবহিতপত্র দিয়েছে।
পত্রে উল্লেখ করা হয়, ডাউকি, পিয়াইন ও ধলাই নদীতে বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন বন্ধে বেলা উচ্চ আদালতে একটি রিট আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ২০১০ সালে উচ্চ আদালত বোমা মেশিন বন্ধের আদেশ দেন। কিন্তু আদালতের নির্দেশনা অমান্য করে যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলন অব্যাহত থাকায় ২০১১ সালে আদালত অবমাননার মামলা করা হয়। ওই মামলার রায়েও যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলন নিষিদ্ধ ঘোষণা করা হয়।
বেলা সিলেট অঞ্চলের সমন্বয়ক শাহ সাহেদা আক্তার জানান, বেলার পরিদর্শনকালে জাফলং ও ভোলাগঞ্জে পরিবেশবিধ্বংসী বোমা মেশিন চলতে দেখা যায়; যা পরিবেশ আইনের আলোকে আদালতের রায়ের সুস্পষ্ট লঙ্ঘন। আদালতের রায় বাস্তবায়নে ও বেআইনি কাজ বন্ধ করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের অবহিতকরণপত্র দেওয়া হয়েছে। অন্যথায় তাদের দায়িত্ব পালনে নিষ্ক্রিয়তার বিষয়টি আদালতের নজরে আনা হবে।