বোমা হামলা করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ৩
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকায় গত রোববার রাতে এক ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি হয়েছে। সশস্ত্র ডাকাতেরা ব্যবসায়ীকে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে বাড়ি থেকে প্রায় চার লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে। এ সময় ছয়টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
ডাকাতির শিকার ব্যবসায়ী হলেন স্থানীয় এম এম ফিলিং স্টেশনের মালিক আবদুল মালেক (৪০)। ডাকাতদের বোমায় তাঁর প্রতিষ্ঠানের কর্মচারী সোহাগ হোসেন (২৫) আহত হন। অন্যদিকে ডাকাতদের লক্ষ্য করে ব্যবসায়ীর ব্যক্তিগত বন্দুক থেকে ছোড়া গুলিতে আহত হন প্রতিবেশী রবিউল ইসলাম (৩৫)। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবদুল মালেক জানান, রোববার রাত সোয়া নয়টার দিকে তিনি ফিলিং স্টেশন থেকে বাড়ি ফেরেন। তিনতলা বাড়ির নিচতলায় কলাপসিবল গেটের তালা লাগিয়ে দোতলায় ওঠার পরপরই লুকিয়ে থাকা তিন ডাকাত ধারালো অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে। তারা তাঁকে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে তিনতলায় গিয়ে ঘরে ঢুকে ডাকাতি শুরু করে। ডাকাতি শেষে চলে যাওয়ার সময় তিনি নিজের বন্দুক থেকে দুটি গুলি ছোড়েন। এতে ডাকাতদের কেউ আহত না হলেও প্রতিবেশী রবিউল ইসলামের কানে গুলি লাগে।
ব্যবসায়ীর স্ত্রী লিমা খাতুন বলেন, ডাকাতের খবরে তিনি কর্মচারী সোহাগকে মুঠোফোনে খবর দেন। সোহাগ ছুটে এসে বাড়িতে ঢোকার চেষ্টা করলে ডাকাতেরা তাঁর ওপর বোমা হামলা চালায়। এতে সোহাগ আহত হন। লিমা আরও বলেন, পরে ডাকাতেরা ঘরে ঢুকে আলমারির চাবি চায়। চাবি দিতে দেরি হওয়ায় দুই সন্তান মোস্তাকিন (৭) ও লামিয়ার (৪) সামনেই আবদুল মালেককে জবাই করার হুমকি দিলে বাচ্চারা কান্না শুরু করে। একপর্যায়ে ডাকাতেরা আলমারি খুলে প্রায় চার লাখ টাকা ও ১০ ভরি সোনার গয়না নিয়ে বেরিয়ে যায়। যাওয়ার সময় আরও পাঁচটি বোমা ফাটায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রবিউল ইসলাম জানান, বোমা বিস্ফোরণের শব্দে তিনিসহ আরও কয়েকজন ওই ব্যবসায়ীর বাড়িতে ছুটে যান।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, ডাকাতির ঘটনায় থানায় গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পুলিশ অভিযান চালিয়ে আজগার আলী (৪০) ও হিরক হোসেন (৩৫) নামের দুজনকে আটক করেছে। অন্যদের ধরতে অভিযান চলছে। ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে রোববার রাতেই কার্পাসডাঙ্গার খাবলিপাড়া থেকে এঁদের আটক করা হয়।