বোমা হামলার খবর বিশ্ব গণমাধ্যমে
পুরান ঢাকার হোসেনি দালানের কাছে গত শুক্রবার রাতে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার খবর বেশ গুরুত্বের সঙ্গেই প্রচার করেছে বিশ্ব গণমাধ্যম।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস-এর খবরে বোমা হামলায় হতাহতের খবর উল্লেখ করে এক প্রতিবেদনে বলা হয়, যে দেশে সাম্প্রদায়িক সহিংসতার নজির খুবই কম, সেখানে এ ঘটনা তাদের অস্থিরতার মধ্যে ফেলে দিল। বাংলাদেশের রাজধানী ঢাকা কয়েক সপ্তাহ ধরে অনাকাঙ্ক্ষিত সহিংসতার হুমকির মুখে আছে। দুই বিদেশি নাগরিক হত্যার পর সতর্কতা জারি করেছে কয়েকটি দেশ।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া গত শনিবার এক প্রতিবেদনে বলেছে, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আশুরার অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা এই প্রথম বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার রাতের ওই বোমা হামলার পরদিন শনিবার রাজধানী ঢাকায় বিশাল তাজিয়া মিছিল করেছেন শিয়া মুসলিমরা।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, শিয়া সম্প্রদায়ের মিছিলে হামলায় ১২ বছরের এক কিশোর নিহত হয়েছে। এ ছাড়া হামলা নিয়ে খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ঢাকায় আশুরার মিছিলে প্রধানত শিয়া সম্প্রদায়কে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে কমপক্ষে একজন নিহত ও ৮০ জন আহত হয়েছেন। এএফপির বরাত দিয়ে একই খবর দিয়েছে ভারতের অন্যতম গণমাধ্যম এনডিটিভি। এ ছাড়া পাকিস্তানের পত্রিকা ডন-এর অনলাইন সংস্করণে এএফপিকে বরাত দিয়ে এই হামলার খবর প্রকাশ করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতির লোকসমাগমকে লক্ষ্য করে সিরিজ বোমা হামলা চালানো হয়েছে। সুন্নি সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে এটি দুর্লভ ঘটনা।
ভারতের নেতৃস্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াও গুরুত্বের সঙ্গে খবরটি প্রচার করেছে। তারাও বাংলাদেশে এ ঘটনা বিরল বলে প্রতিবেদনে উল্লেখ করেছে।