বোমা হামলার পরিকল্পক শফিক গ্রেপ্তার
শাহবাগে গণজাগরণ মঞ্চে বোমা হামলার পরিকল্পক শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ বিভাগীয় উপকমিশনার কৃষ্ণপদ রায় এ কথা জানান। ৩ নভেম্বর বোমা বিস্ফোরণে আহত আনোয়ার হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী শফিকুলকে গ্রেপ্তার করা হয়। আনোয়ারের ভাষ্য, গণজাগরণ মঞ্চে হামলার লক্ষ্যে তাঁকে বোমা দিয়েছিলেন শফিকুল ইসলাম। পরে ওই দিন কাঁটাবন এলাকায় সঙ্গে থাকা শক্তিশালী বোমাটি বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। তাঁর কাছ থেকে তথ্য নিয়ে গোয়েন্দা পুলিশ গতকাল রাতে শফিকুলকে গ্রেপ্তার করে।
উপকমিশনার কৃষ্ণপদ রায়ের ভাষ্য, ৩ নভেম্বর সকালে কাঁটাবন মসজিদের পাশে বিস্ফোরণের পর শফিক পালিয়ে যায়। রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতা চালানোর জন্য সম্প্রতি শফিক ও আনোয়ার ছয়টি শক্তিশালী বোমা তৈরি করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত আনোয়ারের কাছ থেকে তথ্য নিয়ে পরদিন ৪ নভেম্বর তাঁর আফতাবনগরের বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেখান থেকে থেকে দুটি সক্রিয় বোমা, বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি প্রচারপত্র ও পোস্টার উদ্ধার করা হয়। উপকমিশনারের ভাষ্যমতে, কম্পিউটারে পারদর্শী শফিক জিহাদি চেতনায় আনোয়ারকে উদ্বুদ্ধ করেন। নিউ মার্কেট ও বাড্ডা থানায় তাঁদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।