বোমা হামলার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের ডাকা অবরোধ ও হরতালে সারা দেশে পেট্রলবোমা হামলা চালিয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে গতকাল শনিবার নীলফামারীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
নীলফামারী জেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের চৌরঙ্গীতে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও সমাবেশ করা হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। এতে বক্তব্য দেন জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু তালেব, জেলা শ্রমিক লীগ বীজ উৎপাদন খামার শাখার সভাপতি মানিক আহমেদ, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মুজিবুদৌলা প্রমুখ। সমাবেশে বক্তারা আন্দোলনের নামে পরিবহন শ্রমিকদের হত্যা, খুন, জ্বালাও-পোড়াও, নাশকতা বন্ধসহ হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবি জানান। এসব বন্ধ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করে শ্রমিকেরা রাজপথে নামতে বাধ্য হবেন বলে হুমকি দেন তাঁরা।