বোমা হামলার হুমকির অভিযোগে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আদালত ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল রোববার রাতে নগরের চকবাজার বাদুরতলা এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করার দাবি করেছে ডিবি।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নাসির মোহাম্মদ (৪৫) ও মো. সালাউদ্দিন (২২)।
গত মঙ্গলবার জেএমবির পরিচয় দিয়ে চট্টগ্রামে আদালত ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার একটি হুমকি মুঠোফোনে দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আদালতে জায়গা-জমি নিয়ে নাসিরের একটি মামলা বিচারাধীন। তাঁর ধারণা, হুমকি দিলে আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। এতে তিনি লাভবান হবেন। গ্রেপ্তার হওয়া দুজনই দাবি করেছেন, তাঁরা জঙ্গি নন।
ঘটনার দিন (১৪ অক্টোবর) নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, সকাল নয়টার দিকে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মানস দাসের মুঠোফোনে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ওই ফোনে এক ব্যক্তি নিজেকে জেএমবির সদস্য বলে পরিচয় দিয়ে বোমা মেরে আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
২০০৫ সালের ১৭ আগস্ট, ৩ অক্টোবর ও ২৯ নভেম্বর চট্টগ্রামে আদালত ভবনে বোমা হামলা চালায় জেএমবির জঙ্গিরা। এসব ঘটনায় করা কয়েকটি মামলার রায় ইতিমধ্যে দেওয়া হয়েছে।