বোমা হামলায় এপিপিসহ আহত ২, আটক ৬
খুলনা জেলা জজ আদালতের সরকারি সহকারী কৌঁসুলি (এপিপি) ও আওয়ামী লীগের নেতা গোলাম মোস্তফা (৫৫) ও তাঁর নাতি নাফিস ইকবাল (৭) বোমা হামলায় আহত হয়েছেন। গত রোববার ফুলতলা উপজেলার পায়গ্রামের হাফরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় জড়িত সন্দেহে ফুলতলা থানার পুলিশ যশোর ও খুলনার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে। তবে পুলিশ তাদের পরিচয় প্রকাশ করেনি।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা গত রোববার রাত আটটার দিকে তাঁর নাতি নাফিস ও ভাগনের বউ নার্গিস বেগমকে নিয়ে বাসায় ফিরছিলেন। রি-ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কাছে আসার পর সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে। বোমাটি বিস্ফোরিত হলে তিনি ও নাফিস আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি ঘটলে গোলাম মোস্তফাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ কাজী হামিদ আজগর বলেন, বোমার আঘাতে গোলাম মোস্তফার শরীরে বড় ক্ষতের সৃষ্টি হয়েছে। তবে তিনি এখন শঙ্কামুক্ত।ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস ফকির বলেন, ‘এখনো কেউ অভিযোগ দেয়নি। তবে আমাদের মতো করে অভিযান চালাচ্ছি।’