বোমা হামলায় নিহত কাশেমের পরিবারকে পুলিশের অর্থ-সহায়তা
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বোমা হামলায় নিহত রেলের নিরাপত্তারক্ষী আবুল কাশেমের পরিবারকে এক লাখ টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে কমলাপুর স্টেশনে রেলওয়ে পুলিশের ডিআইজির রেঞ্জ কার্যালয়ে আবুল কাশেমের ভাই হাফিজুর রহমানের হাতে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষ থেকে এই অর্থ হস্তান্তর করেন রেলওয়ে রেঞ্জের উপ-মহাপরিদর্শকের (ডিআইজি) চলতি দায়িত্বে থাকা মো. কামরুল আহসান।
গত রোববার বিকেলে রেলওয়ের নিরাপত্তারক্ষী (আরএনবি) আবুল কাশেম কমলাপুর স্টেশনে দায়িত্ব পালনকালে তল্লাশি চালানোর সময় দুই যুবকের বোমা হামলায় ঘটনাস্থলেই নিহত হন। আবুল কাশেমের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানি গ্রামে।
টাকা হস্তান্তরের সময় রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক সরদার সাহাদাত আলী, আরএনবির কমান্ডার জহির উদ্দিন, কমলাপুর রেলওয়ে রেঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আবদুর রহমান ও নিহত কাশেমের কয়েকজন আত্মীয় উপস্থিত ছিলেন। এর আগে রেলওয়ে কর্তৃপক্ষ কাশেমের পরিবারকে এক লাখ টাকা সহায়তা দেয়।