বোমা হামলায় নিহত ১
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সন্ত্রাসীদের বোমা হামলায় জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার কাচারীতলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর ওই গ্রামের তোয়াজ উদ্দিনের ছেলে। তিনি একসময় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির ক্যাডার ছিলেন।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলামের বিবরণ অনুযায়ী, শুক্রবার রাত নয়টার দিকে জাহাঙ্গীর ঝিনাইদহ শহর থেকে বাইসাইকেলে করে কাচারীতলা গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। তোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে সন্ত্রাসীরা তাঁর ওপর বোমা হামলা চালায়।
মুমূর্ষু অবস্থায় তাঁকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
জাহাঙ্গীর একসময় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির ক্যাডার ছিলেন। বর্তমানে তিনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। তিনি একটি অস্ত্র মামলায় জামিনে ছিলেন। পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ তাঁকে হত্যা করতে পারে বলে পুলিশ ধারণা করছে।